২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাবলিগের উদ্দেশে লঞ্চে রওনা হয়ে ‘নিখোঁজ’ কলেজছাত্র

পুলিশ বলছে, সাথে যাওয়া অন্যদের কাছে নিজের ব্যাগ ও মোবাইল সেট রেখে যান ওই কলেজছাত্র।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2023, 08:37 PM

Updated : 29 Apr 2023, 08:37 PM

তাবলিগ জামাতের উদ্দেশে বরিশাল থেকে ঢাকার লঞ্চে রওনা হয়ে নিখোঁজ রয়েছেন এক কলেজছাত্র। 

গত বৃহস্পতিবার এমভি সুন্দরবন-১৬ লঞ্চে রওনা দিয়ে তিনি নিখোঁজ হন বলে স্বজনরা জানিয়েছেন। 

নিখোঁজ কলেজছাত্র আবরার করীম ত্বাসিন (২১) বরিশাল নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সদর রোডের বাসিন্দা সাইফুল করিম ফেরদৌসের ছেলে। এ ছাড়া তিনি বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের ছাত্র। 

এ ঘটনায় ত্বাসিনের বাবা শুক্রবার বরিশাল মহানগরের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন। 

তার মামা আনোয়ার হোসেন বিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তাবলিগ জামাতের আমির ও নগরীর নিউ সার্কুলার রোডের বাসিন্দা মো. আনিস নিজের জিম্মায় ত্বাসিনসহ ১০ জনকে নিয়ে বৃহস্পতিবার লঞ্চযোগে ঢাকার উদ্দেশে রওনা হন। রাত ১০টার দিকে ত্বাসিনের বাবা কল দিয়ে তাকে পাননি। 

পরে তাবলিগের আমির মো. আনিস জানান, ত্বাসিনকে পাওয়া যাচ্ছে না।  

বিপু আরও বলেন, “আমির তার জিম্মায় নিয়ে গেলেও ত্বাসিন কিভাবে নিখোঁজ হয়েছে, সেই বিষয়ে তিনি কিছু জানেন না বলে দাবি করছেন; বিষয়টি রহস্যজনক।” 

সাধারণ ডায়েরির তদন্ত কর্মকর্তা বরিশাল কোতোয়ালি মডেল থানার এসআই মো. শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই লঞ্চের ভিডিও ফুটেজ দেখা হয়েছে। ফুটেজে দেখা গেছে, রাত ২টা ৫৫ মিনিট পর্যন্ত লঞ্চে ঘোরাঘুরি করেছে ত্বাসিন। তখন লঞ্চটি মুন্সীগঞ্জ এলাকায় ছিল। এরপর থেকে তাকে আর দেখা যায়নি।” 

এসআই আরও বলেন, “তার সাথে যাওয়া অন্যদের কাছে নিজের ব্যাগ ও মোবাইল সেট দিয়ে গেছেন ত্বাসিন। প্রকৃত ঘটনা কী এখনও জানি না। তবে তদন্ত চলছে।” 

তাবলিগ জামাতের আমির মো. আনিসের ব্যবহৃত ফোন নম্বরে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।