২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘মানবিক বিবেচনায়’ বিজিবি ফিরিয়ে দিল ভারতীয় বৃদ্ধাকে

বিজিবি-বিএসএফ পতকা বৈঠকের পর আইনগত প্রক্রিয়ায় বুধবার রাতে নিজ দেশ ফিরে যান মোছা. মন্ডল জমিলা বেওয়া।

‘মানবিক বিবেচনায়’ বিজিবি ফিরিয়ে দিল ভারতীয় বৃদ্ধাকে

বিজিবি-বিএসএফ পতকা বৈঠকের পর বুধবার রাতে মোছা. মন্ডল জমিলা বেওয়াকে ভারতে নিয়ে যান বিএসএফ সদস্যরা।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2023, 10:12 PM

Updated : 26 Jan 2023, 10:34 PM

অবৈধপথে সীমান্ত পারের সময় চুয়াডাঙ্গার দামুড়হুদায় আটক এক ভারতীয় বৃদ্ধাকে ‘মানবিক বিবেচনায়’ নিজ দেশে ফেরার সুযোগ করে দিয়েছে বিজিবি। 

বিজিবি-বিএসএফ পতকা বৈঠকের পর বুধবার রাতে তাকে ভারতে নিয়ে যান বিএসএফ সদস্যরা। 

বৃদ্ধার বরাতে বিজিবি জানায়, মোছা. মণ্ডল জমিলা বেওয়া (৭৮) ভারতের নদীয়া জেলার ধুবুলিয়া থানার পাথরাদহ গ্রামের মৃত ফজলু এর স্ত্রী। তিন মাস আগে অবৈধপথে বাংলাদেশে তার প্রয়াত ভাই রহিম বকসে বাড়ি মেহেরপুরের কাসিয়ারি পাড়া গ্রামে বেড়াতে এসেছিলেন। 

চুয়াডাঙ্গা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, গত ২২ জানুয়ারি চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তের ৯৩ মেইন পিলারের কাছে ওই নারীকে দেখতে পায় বিজিবির টহল দল। আটকের পর বৃদ্ধাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তিনি তিন মাস আগে সীমান্ত পেরিয়ে মেহেরপুরের কাসিয়ারি পাড়া গ্রামের মৃত ভাই রহিম বকসের বাড়ি বেড়াতে এসেছিলেন। 

Image

বিজিবি-বিএসএফ পতকা বৈঠকের পর আইনগত প্রক্রিয়ায় বুধবার রাতে নিজ দেশ ফিরে যান মোছা. মন্ডল জমিলা বেওয়া।

“২২ জানুয়ারি দামুড়হুদা উপজেলার মুন্সীপুর সীমান্তপথে নিজের দেশ ভারতে ফিরে যাওয়ার সময় তিনি বিজিবি টহলদলের হাতে আটক হন। বিজিবি মানবিক কারণে অসুস্থ বৃদ্ধকে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য বিএসএফের মহাখোলা ক্যাম্পের সদস্যদের সঙ্গে কথা বলে। 

“পরে দুদেশের সীমান্তরক্ষীদের উদ্যোগে পতাকা বৈঠকের মাধ্যমে ওই অসুস্থ বৃদ্ধাকে নিজের দেশে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয়। বুধবার রাত সাড়ে ৮টার দিকে পতাকা বৈঠক শেষে বিজিবি তাকে বিএসএফের কাছে হস্তান্তর করে।” 

২২ জানুয়ারির পর থেকে বুধবার ফিরে যাওয়ার আগ পর্যন্ত ওই বৃদ্ধাকে দামুড়হুদা মডেল থানা কর্তৃপক্ষ নিরাপদ হেফাজতে রাখে এবং তার থাকা-খাওয়ার ব্যবস্থা করে। 

দামুড়হুদা থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, “তাকে আমরা মানুষ হিসেবে মূল্যায়ন করেছি। তিনি কোন দেশের নাগরিক সেটি ভাবিনি। তাকে খাবার দেওয়া এবং ভালোভাবে রাখার চেষ্টা করেছি। আমাদের মনে হয়েছে তিনি খুশিমনেই এখান থেকে গেছেন।”