২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ইটবোঝাই ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নাটোরে ইটবোঝাই ট্রলি ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১

মুখোমুখি সংঘর্ষে ভেঙে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2023, 01:14 PM

Updated : 22 Jan 2023, 01:14 PM

নাটোরের লালপুরে উপজেলায় ইটবোঝাই ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

রোববার সকাল ৮টার দিকে উপজেলার লালপুর-বনপাড়া সড়কের গোপালপুর পৌরসভার গবাদিপশুর হাট মধুবাড়ী নামক স্থানে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন লালপুর থানার ওসি মো. মোনোয়ারুজ্জামান। 

এ দুর্ঘটনায় নিহত আমিরুল সরকার (৩৭) বড়াইগ্রামের হাটুয়া গ্রামের মৃত আবেদ সরকারের ছেলে। এ ছাড়া আহত হয়েছেন উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের ভোলা মুন্সীর ছেলে মো. আসলাম উদ্দিন (৪০)। 

স্থানীয়দের বরাতে ওসি মোনোয়ারুজ্জামান জানান, রোববার সকালে ইটবোঝাই ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই একজন নিহত হন। আর আহত ব্যক্তিকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা। 

Image

সংঘর্ষে ভেঙে যাওয়া ইটবোঝাই ট্রলি।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসানুজ্জামান বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে আনা হলে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ওসি মো. মোনোয়ারুজ্জামান বলেন, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রলি ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। এ বিষয়ে এখনও কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।