২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ খুন

নিহতের ছোট ভাই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নারায়ণগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরুণ খুন

আরমান হোসেন সোহান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2023, 08:30 PM

Updated : 11 Jul 2023, 08:30 PM

নারায়ণগঞ্জে সোনারগাঁ উপজেলায় এক তরুণকে ছিনতাইকারীরা ছুরি মেরে হত্যা করেছে; এ সময় তার ছোট ভাই আহত হয়েছেন।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার কাঁচপুর সেতুর মোড়ে এ ঘটনা ঘটে বলে সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান।  

নিহত আরমান হোসেন সোহান (২২) চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণঘাটা গ্রামের হোসাইন মিয়ার ছেলে। তিনি এ বছর পটিয়ার মাইফুলা কবির কারিগরি বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছেন।

আহত মো. রিপন (২০) আরমানের আপন ছোট ভাই। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হতাহতদের স্বজন গোলাম মোস্তফা বলেন, “সোমবার রাতে পটিয়া থেকে বাসে উঠেন দুই ভাই। ভোরে বাস থেকে কাঁচপুর সেতুর ঢালে নেমে আমাকে মোবাইলে ফোন দেন তারা। আমি তাদের আনতে কাঁচপুর সেতুর উত্তর পাশের ঢালে গিয়ে না পেয়ে তাদের ফোন করি।

“তখন অপর প্রান্ত থেকে চিৎকার শুনতে পাই। পরে কাঁচপুর মোড়ে রক্তাক্ত অবস্থায় তাদের পড়ে থাকতে দেখে টহল পুলিশের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি।”

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “সকালে দুই ভাইকে ছুরিকাহত অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই মারা যান, ছোটভাই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।”

সোনারগাঁ থানার পরিদর্শক আহসান উল্লাহ বলেন, “পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করছে। এই ঘটনায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”