২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, আহত ২

মহানগর বিএনপির নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

নারায়ণগঞ্জে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলি, আহত ২

মহানগর বিএনপির নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2023, 09:40 AM

Updated : 29 Oct 2023, 10:23 AM

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় হরতাল সমর্থনে সময় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে৷

সংঘর্ষে দুইজন আহত হয়েছেন বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

শনিবার সকাল সাড়ে ৬টার দিকে চাষাড়ায় হরতালের সমর্থনে গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা মিছিল করলে তাদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়৷ পুলিশ গণতন্ত্র মঞ্চের ব্যানার কেড়ে নেয়।

এ সময় একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান মোল্লা।

তিনি গণতন্ত্র মঞ্চের নেতা ও জেএসডি (রব) মহানগর শাখার আহ্বায়ক মোতালেব মাস্টার বলে জানা গেছে।

পরে সকাল পৌনে ৮টার দিকে হরতালের পিকেটিং ও মিছিলের জন্য মহানগর বিএনপির নেতা-কর্মীরা নারায়ণগঞ্জ প্রেস ক্লাব এলাকায় জড়ো হলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ বাঁধে।

এ সময় পুলিশ শর্টগানের গুলি ছুড়লে বিএনপির লোকজনও পাল্টা ইট-পাটকেল ছোড়েন৷ পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

সকাল পৌনে ৯টার দিকে হরতালের সমর্থনকারীরা চাষাঢ়ার সলিমুল্লাহ রোড এলাকায় সড়কে আগুন ধরিয়ে অবরোধের চেষ্টা করলে আবারও পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

সংঘর্ষে ছাত্র ফেডারেশনের দুই নেতা ছররা গুলিতে আহত হয়েছেন বলে দাবি করেছেন গণতন্ত্র মঞ্চের নেতা ও গণসংহতি আন্দোলনের মহানগরের আহ্বায়ক নিয়ামুর রশীদ বিল্পব।

Image

পুলিশ গণতন্ত্র মঞ্চের নেতা ও জেএসডি (রব) মহানগর শাখার আহ্বায়ক মোতালেব মাস্টারকে আটক করে।

ওসি আনিচুর রহমান মোল্লা বলেন, “হরতালকে কেন্দ্র করে কোনো প্রকার অরাজকতা যাতে না হয় সেজন্য পুলিশ সতর্ক অবস্থানে আছে৷ বিএনপির কিছু নেতা-কর্মী প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়৷

“এ সময় তারা পুলিশের দিকে ইট-পাটকেল ছুড়লে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে শর্টগানের কয়েক রাউন্ড গুলি ছোড়ে৷”

এর আগে গত শনিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইলের আধুরিয়া এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে৷

মোটরসাইকেল চালক ও কাপড়ের দোকানের কর্মচারী আবু বক্কর জানান, কাজ শেষে বাসায় ফেরার পথে রাস্তায় অজ্ঞাত কিছু ব্যক্তি তার গাড়ি থামিয়ে রাস্তার উপর আগুন দিয়ে দেয়৷

রূপগঞ্জের ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কয়েকটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে পুলিশ৷ আগুন দেওয়া মোটরসাইকেলটি সম্পূর্ণ পুড়ে গেছে৷”

এ ঘটনা কারা ঘটিয়েছে তাদের চিহ্নিত করতে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।

একইরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু পূর্বপাশের ঢালে একদল লোক টায়ারে আগুন জ্বালিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতার চেষ্টা করলে টহল পুলিশের ধাওয়ায় তারা পালিয়ে যান৷