২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ছাত্রলীগ, রাজবাড়ীতে যুবলীগের ধানকাটা কর্মসূচি

এই কর্মসূচি পুরো বোরো মৌসুমে অব্যাহত থাকবে বলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা জানিয়েছেন।

নাটোরে ছাত্রলীগ, রাজবাড়ীতে যুবলীগের ধানকাটা কর্মসূচি

নাটোরে ছাত্রলীগের ধানকাটা কর্মসূচি।

নাটোর প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2023, 09:01 PM

Updated : 28 Apr 2023, 09:01 PM

নাটোরের সিংড়ায় কয়েকজন কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগ; একই কর্মসূচির আওতায় রাজবাড়ীতে এক কৃষকের ৪০ শতাংশ জমির ধান কেটে দিয়েছেন যুবলীগের নেতাকর্মীরা।

নাটোর প্রতিনিধি জানান, শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সিংড়া পৌরসভার চকসিংড়া, শোলাকুড়া ও সোহাগবাড়ি এলাকার পাঁচ কৃষকের চার বিঘা জমির বোরো ধান কেটে দেন উপজেলা ছাত্রলীগের প্রায় দেড়শ নেতাকর্মী।

চকসিংড়ার কৃষক মারফত আলী বলেন, “আমার এক বিঘা জমিতে বোরো ধানের আবাদ করেছিলাম। শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছিলাম না। ছাত্রলীগের নেতাকর্মীরা আজ আমার জমির ধান কেটে দিয়েছে।”

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সজিব ইসলাম জুয়েল বলেন, এই বোরো মৌসুমে কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিতে নেতাকর্মীসহ তরুণ প্রজন্ম, ছাত্র ও যুবসমাজের প্রতি আহ্বান কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষে আহ্বান জানানো হয়। তাদের সেই আহ্বানে সাড়া দিয়ে দরিদ্র কৃষকদের পাকা ধান কেটে ঘরে তুলে দেওয়ার কর্মসূচি শুরু করেছেন তারা।

এরই আওতায় শুক্রবার প্রথম দিনে পাঁচজন কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়া হয়েছে বলে জানান জুয়েল।

রাজবাড়ী

রাজবাড়ী জেলা যুবলীগের সভাপতি শওকত হাসান ও সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী এদিন কৃষক মাসুম আলী শিকদারের ধান কেটে বাড়িতে পৌঁছে দেন।

Image

রাজবড়ীতে যুবলীগের নেতাকর্মীরা এক কৃষকের ধান কেটে দিয়েছেন।

এ বিষয়ে মাসুম আলী বলেন, “ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। শ্রমিক পাচ্ছিলাম না। পেলেও সাতশ থেকে আটশ টাকা মজুরি দিতে হবে।

“এ অবস্থায় আমার পাশে রাজবাড়ী জেলা যুবলীগ এসে দাঁড়িয়েছে। তারা সকাল থেকে আমার ৪০ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে। যুবলীগের এমন উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।”

বোরো মৌসুমের সব ফসল ঘরে না ওঠা পর্যন্ত এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা জানিয়েছেন।