২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরি

চুরি যাওয়া একটি পেনড্রাইভের মধ্যে ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিক ডাটা সংরক্ষিত ছিল বলে জানান ওসি।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2023, 05:52 PM

Updated : 07 Aug 2023, 05:52 PM

ব্রাহ্মণবাড়িয়ায় ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে; এর পরিপ্রেক্ষিতে শহরের চারটি স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

সোমবার সকালে শহরের খৈয়াসা-বিরাসার সড়কের ভিসা কেন্দ্রে এ ঘটনা ঘটে বলে জানান ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি আসলাম হোসাইন।

তিনি বলেন, “ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের পেছনের গ্রিল কেটে বারান্দার দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে কয়েকজন দুর্বৃত্ত। এ সময় তারা একটি সিসিটিভি ক্যামেরার ডিভিআর, চারটি পেনড্রাইভ ও পাঁচ হাজার টাকা নিয়ে যায়।”

চুরি যাওয়া পেনড্রাইভের মধ্যে একটিতে ভিসা আবেদনকারীদের বায়োমেট্রিক তথ্য সংরক্ষিত ছিল বলেও জানান ওসি।

সকালে ভিসা আবেদন কেন্দ্রে আসার পর চুরির বিষয়টি সেখানকার কর্মীদের নজরে আসে জানিয়ে ওসি বলেন, “এরপর তারা পুলিশকে বিষয়টি জানায়। এরই মধ্যে সদর থানা পুলিশ, সিআইডি ও পিবিআই এ বিষয়ে কাজ শুরু করেছে।”

চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে শহরের বিরাসার, ঘাটুরা, ভাদুঘর ও শিমরাইলকান্দি শেখ হাসিনা সড়কে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।

ওসি জানান, ভিসা আবেদন কেন্দ্রের ইনচার্জ সবুর আলী বাদী হয়ে একটি মামলা করেছেন। যতদ্রুত সম্ভব চুরির রহস্য ও মালামাল উদ্ধারের চেষ্টা করা হচ্ছে।