১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ

সিরাজগঞ্জে ব্যবসায়ী মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

পাওনা টাকা চাওয়ায় ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ
নিহত আশরাফুল খান আশফাক।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 04:51 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

সিরাজগঞ্জ সদর উপজেলায় পাওনা টাকা চাওয়ায় এক ব্যবসায়ীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

বুধবার রাতে উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের নলিছাপাড়ায় এ ঘটনা ঘটে বলে সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ুন কবির জানান। 

নিহত আশরাফুল খান আশফাক (৩৫) শহরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার আব্দুর রহিমের ছেলে। তিনি রহিম ফ্লাওয়ার মিলের মালিক ছিলেন।

আটক দেওয়ান শহিদুজ্জামান শুভ শহরের এনজেল ফুডস কারখানার মালিক।

আশফাকের বড় ভাই রাকিবুল ইসলাম বলেন, “রহিম ফ্লাওয়ার মিল থেকে একই এলাকার শুভ বাকিতে ময়দা নিতেন। বুধবার সন্ধ্যায় আশফাক পাওনা টাকা চাইতে গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়।

“এক পর্যায়ে এনজেল ফুডস কারখানার মালিক শুভ ও তার শ্রমিকরা মিলে আশফাককে গলাটিপে হত্যা করেন। এ ঘটনার বিচার দাবি করছি।”

ওসি হুমায়ুন কবির জানান, পাওয়া টাকা চাইতে গিয়ে আশফাক অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে শহরের একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রাতেই শুভকে থানায় নেওয়া হয়েছে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান ওসি হুমায়ুন কবির।