‘টাকা না পেয়ে’ নরসিংদীতে গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী পলাতক
এক মাস আগে ছুটিতে দেশে ফিরে হযরত আলী স্ত্রীর মাধ্যমে শ্বশুরবাড়ির কাছে এক লাখ টাকা দাবি করেন বলে শ্বশুরবাড়ির অভিযোগ।
নরসিংদীর রায়পুরা উপজেলায় এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। ঘটনার পর থেকে নিহতের স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন।
বুধবার রাতে আমিরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এই হত্যার ঘটনা ঘটে বলে জানান রায়পুরা থানার এসআই ফরিদ উদ্দিন।
নিহত আফসানা আফসার (২৮) গ্রামের হযরত আলীর স্ত্রী। তাদের তিন সন্তান রয়েছে। হযরত (৩৮) দীর্ঘদিন ধরে মালয়েশিয়া প্রবাসী। তিনি এক মাস আগে দেশে আসেন। তারা বাবা মৃত জহর আলী।
আফসানার বাবার বাড়ি করিমগঞ্জ গ্রামে। তিনি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিনের মেয়ে। তার মা হাসনা হেনা বেবি এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, ১৪ বছর আগে আফসানা ও হযরত আলী বিয়ে হয়। তাদের দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। বিয়ের পর হযরত শ্বশুরবাড়ি থেকে তিন লাখ টাকা ধার নিয়ে মালয়েশিয়া যান। কিন্তু সেই টাকা তিনি পরিশোধ করেননি।
এক মাস আগে ছুটিতে দেশে ফিরে হযরত আলী স্ত্রীর মাধ্যমে শ্বশুরবাড়িতে আরও এক লাখ টাকা দাবি করেন; কিন্তু শাশুড়ি সেই টাকা দেননি। এর জেরে পারিবারিক কলহ শুরু হয়।
নিহতের ছেলেমেয়েদের বরাতে আফসানার মা হাসনা হেনা বেবি বলেন, “বুধবার সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে তিন ছেলেমেয়েকে কৌশলে ঝালমুড়ি কেনার জন্য বাজারে পাঠিয়ে দেয় হযরত ও তার পরিবারের লোকজন। পরে হযরত, তার ভাই ছিদ্দিক মিয়া, শাশুড়ি আমেলা খাতুনসহ পরিবারের সদস্যরা বাড়ির পূর্বপাশের একটি পতিত জায়গায় নিয়ে আফসানাকে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়।”
রায়পুরা থানার এসআই ফরিদ উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে পুলিশ লাশ হস্তান্তর করেছে।
তিনি আরও বলেন, নিহতের স্বামী ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য বেনজির আহমেদ বলেন, “হযরত এক মাস আগে দেশে ফিরেছেন। এরপর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। ১৫ দিন আগেও তাদের মধ্যে দ্বন্দ্ব হয়েছিল, আমরা সেটা সামাজিকভাবে স্বাভাবিক করেছিলাম। সম্ভবত একই কারণে হত্যার ঘটনা ঘটেছে।”
