২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুকুর সেচে মিলল সাত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র

১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যেনান্ট কর্নেল মিনহাযুল আবেদীন এ তথ্য জানান।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2026, 09:40 PM

Updated : 26 Aug 2026, 02:53 PM

ফরিদপুরে পুকুর সেচে সাতটি আগ্নেয়াস্ত্রসহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী।

শনিবার দুপুর ১টা থেকে বিকাল ৪টা ৪০ মিনিট পর্যন্ত সদর উপজেলার কানাইপুর আখ সেন্টার এলাকার একটি পুকুর সেচে এই অস্ত্র উদ্ধার করা হয়। 

সন্ধ্যায় ফরিদপুর আর্মি ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ১৫ আরই ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যেনান্ট কর্নেল মিনহাযুল আবেদীন।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- চারটি বিদেশি পিস্তল ও ১৬টি গুলি, দুটি কাটা পাইপগান ও দুটি গুলি, পাঁচটি চাইনিজ কুড়াল, ৬৫টি ছোট-বড় ছেনদা, আটটি বল্লম, ছয়টি ছোট-বড় চাকু, ১০১টি বর্ষার মাথা, একটি টেঁটা এবং পাঁচটি খালি কাঁচের মদের বোতল। 

অভিযানে উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ যৌথ বাহিনীর ক্যাম্পে নেওয়া হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।