‘জমি নিয়ে বিরোধে’ ৯ মাসের শিশুকে কুপিয়ে আহত
সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামের মৃত মোতালেব হাওলাদারের দুই ছেলে সোনা মিয়া হাওলাদার ও সিরাজুল হাওলাদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে হামলায় ৯ মাসের শিশুসহ তিনজনকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে। শিশুটিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এই ঘটনায় মামলার পর পুলিশ জহুরা বেগম নামে একজনকে গ্রেপ্তার করেছে।
মামলার নথি থেকে জানা গেছে, সদর উপজেলার দক্ষিণ দুধখালী গ্রামের মৃত মোতালেব হাওলাদারের দুই ছেলে সোনা মিয়া হাওলাদার ও সিরাজুল হাওলাদারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
সম্প্রতি বিরোধপূর্ণ জমিতে একটি ভবন নির্মাণ করেন সিরাজুল। এর জেরে শুক্রবার দুপুরে সোনা মিয়া ও তার মা জহুরা বেগম সিরাজুলের ঘরে যান।
তারা সিরাজুলের স্ত্রী রিমনী বেগম, ৯ মাসের ছেলে সাজিদ ও ভাগিনি ইতি মনিকে কুপিয়ে জখম করে পালিয়ে যান।
পরে তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সবাইকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশু সাজিদকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তার এবং মা রিমনীর অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শিশুটির মামা সজিব বেপারী তিনজনের নামে মামলা করলে শুক্রবার রাতেই জহুরা বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।
মাদারীপুর সদর মডেল থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী জানান, “বাকি আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
