খাদ্য মজুত আছে, আতঙ্কের কিছু নেই: খাদ্যমন্ত্রী
খাদ্য নিয়ে কেউ যেন গুজব ছড়াতে না পারে সে দিকে সবাইকে সচেতন থাকার আহবান জানান মন্ত্রী।
দেশে খাদ্য সংকট হবে না বলে আশ্বস্ত করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
শনিবার দুপুরে নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির একটি অনুষ্ঠানে তিনি বলেন, সরকারি গুদামে যে খাদ্য মজুত থাকার কথা, তার দ্বিগুণ পরিমাণ খাদ্য আছে এবং এলসির মাধ্যমে আরও খাদ্য বিদেশ থেকে আমদানি করা হচ্ছে। এ অবস্থায় দেশে কোনো খাদ্য সংকট হবে না।
তিনি জানান, প্রায় ১৮ লাখ টন চাল সরকারি গুদামে মজুত আছে। পাশাপাশি সরকারি ও বেসরকারিভাবে আমদানি করা হচ্ছে। এর সঙ্গে ১৫ থেকে ২০ দিনের মধ্যেই যোগ হবে নতুন আমনের ফলন।
সব মিলিয়ে দেশে ‘খাদ্য সংকটের কোনো শঙ্কা নেই’ বলে তিনি আশ্বস্ত করেন।
খাদ্য নিয়ে অযথা কেউ যাতে গুজব ছড়াতে না পারে সে দিকে ব্যবসায়ীসহ সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।
সকালে চেম্বার ভবনে ফিতা কেটে মুজিব কর্নার ও ডাইরেক্টস লাউঞ্জের উদ্বোধন করেন মন্ত্রী। পরে চেম্বারের মেম্বারস ডে অনুষ্ঠানে যোগ দেন।
অনুষ্ঠানে নওগাঁ চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেলের সভাপতিত্বে সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, এফবিসিসিআইয়ের সহ-সভাপতি আমির হেলালী, সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল, সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিমসহ এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
তারা দেশের যেকোনো সংকটে সহযোগিতা ও মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন।
