রোজায় খাদ্য সরবরাহে ‘বড় ধরনের’ সমস্যা হবে না, বিশ্বাস মন্ত্রীর
"শুধু পর্যাপ্ত খাদ্য মজুদ রাখাই যথেষ্ট নয়, তা যথাসময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়াটাও গুরুত্বপূর্ণ,” বলেন আফরোজা খানম।
দেশে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত খাদ্য মজুদ থাকার কথা বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
শনিবার চট্টগ্রামের সাইলো জেটি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ দাবি করেন।
খাদ্যমন্ত্রী বলেন, "খাদ্য সরবরাহে যেন কোনো সংকট সৃষ্টি না হয়, সে বিষয়ে সরকার সতর্ক রয়েছে। জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুদ ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।
"শুধু পর্যাপ্ত খাদ্য মজুদ রাখাই যথেষ্ট নয়, বরং তা যথাসময়ে মানুষের কাছে পৌঁছে দেওয়াও গুরুত্বপূর্ণ। এজন্য খাদ্য সংরক্ষণাগারগুলোর কার্যকারিতা বৃদ্ধি, বিদ্যমান অবকাঠামোর সর্বোত্তম ব্যবহার এবং সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে।"
রমজান মাসে খাদ্য সরবরাহ স্বাভাবিক রাখার প্রস্তুতি এবং মূল্য পরিস্থিতি সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় এ সময়ে সরবরাহে বড় ধরনের সমস্যা হবে না।
"জনগণের ক্রয়ক্ষমতা ও স্বার্থ বিবেচনায় রেখে সুলভ মূল্যে প্রয়োজনীয় খাদ্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সরকার সচেষ্ট রয়েছে। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সংকটসহ বিভিন্ন কারণে পণ্যের মূল্যবৃদ্ধির চাপ তৈরি হতে পারে। তবে দেশের বাজারে সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।"
সাইলো জেটি পরিদর্শন শেষে তিনি নগরীর দেওয়ানহাট সিএসডির গুদাম পরিদর্শন এবং হালিশহর সিএসডি কনফারেন্স হল উদ্বোধন করেন।
