নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট থাকবে না: খাদ্যমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের বাজারে ‘সিন্ডিকেট’ দূর করতে সরকার কাজ করছে বলে বলেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম।
তিনি বলেছেন, “সিন্ডিকেট কোনো সরকারই পছন্দ করে না। আমরাও চাই, সিন্ডিকেট বলে যেন কোনো শব্দই না থাকে। কারণ সিন্ডিকেটের অস্তিত্ব থাকলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়।”
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি খাদ্যগুদাম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। পরে তিনি বন্দরের সিএসডি গুদাম পরিদর্শন করেন।
দেশের খাদ্য মজুত ও বাজার পরিস্থিতি ভালো রয়েছে দাবি করে আফরোজা খানম বলেন, খাদ্য সরবরাহ ও বাজার পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। কোথাও কোনো সমস্যা দেখা দিলে দ্রুত সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জনগণের কাছে নিরাপদ ও পুষ্টিকর খাদ্য পৌঁছে দেওয়াই খাদ্য মন্ত্রণালয়ের মূল লক্ষ্য বর্ণনা করে তিনি বলেন, দেশের খাদ্যগুদাম ও সংশ্লিষ্ট স্থাপনাগুলো আরও উন্নত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে।
পুষ্টিকর চাল উৎপাদন প্রকল্পের বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, প্রকল্পটি চালুর নির্দিষ্ট সময় এখনও নির্ধারণ করা হয়নি। মঙ্গলবার প্রকল্পটি পরিদর্শন করা হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে যত দ্রুত সম্ভব এটি চালুর চেষ্টা করা হবে।
এর আগে সকাল ১০টার দিকে ঢাকার পোস্তগোলা সরকারি আধুনিক ময়দা মিল পরিদর্শনের মাধ্যমে খাদ্যমন্ত্রীর দিনের কর্মসূচি শুরু হয়। পরে তিনি নারায়ণগঞ্জ সাইলো এবং সেখানে থাকা নারায়ণগঞ্জ প্রিমিক্স কার্নেল মিল পরিদর্শন করেন।
পরিদর্শনকালে খাদ্যশস্য সংরক্ষণ, মজুত সক্ষমতা, মিলের কার্যক্রম ও সার্বিক খাদ্য ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন খাদ্যমন্ত্রী।
এ সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা প্রশাসক মো. রায়হান কবির, পুলিশ সুপার মো. হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।
