কুড়িগ্রামে ক্লাস চলার সময় বজ্রপাতে ৯ শিক্ষার্থী আহত
আহত শিক্ষার্থীরা রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ক্লাস চলার সময় বজ্রপাতে এক মাদ্রাসার নয় শিক্ষার্থী আহত হয়েছে।
সোমবার দুপুরে চাকিরপশা ইউনিয়নের চাকিরপশা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে বলে ওই মাদ্রাসার সুপার মানিক মিয়া জানান।
আহতরা হলো- আব্দুর রাজ্জাক, নাজমিন নাহার, সুমাইয়া, রোকসানা, আফরোজা, নির্রমা, আলী রাজ, ফারজানা ও সানজিদা। তারা রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
মাদ্রাসা সুপার মানিক মিয়া বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে ক্লাস চলার সময়ে হঠাৎ বজ্রপাত হলে ষষ্ঠ ও নবম শ্রেণির নয়জন শিক্ষার্থী আহত হয়।
রাজারহাট উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিজানুর রহমান বলেন, “আহত শিক্ষার্থীদের হাসপাতালে আনা হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করি। আহতদের মধ্যে সাতজন মেয়ে ও দুইজন ছেলে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।”
বজ্রপাতে আহত শিক্ষার্থীরা চিকিৎসাধীন রয়েছেন বলে জানান রাজারহাট থানার ওসি আব্দুল্লাহ হীল জামান।
