২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে বিএসএফের নিয়ে যাওয়ার খবর

হাসিনুরসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন বলে জানান বাসিন্দারা।

সীমান্তে গুলিবিদ্ধ বাংলাদেশি যুবককে বিএসএফের নিয়ে যাওয়ার খবর
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্ত।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2025, 08:27 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সীমান্তে গুলিবিদ্ধ এক বাংলাদেশি যুবককে বিএসএফ নিয়ে গেছে বলে পুলিশ খবর পেয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার মধ্য সিঙ্গিমারী সীমান্তে ৮৯৪ নম্বর মেইন পিলারের সাব-পিলার ৬-এস এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী।

সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, গুলিবিদ্ধ যুবকের নাম হাসিনুর রহমান (২৮)। তিনি মধ্য সিঙ্গিমারী এলাকার জাহিদুল ইসলামের ছেলে।

সীমান্তের বাসিন্দারা জানান, হাসিনুরসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে বিএসএফ-১৫৭ ব্যাটালিয়নের ফুলবাড়ি ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় হাসিনুর গুলিবিদ্ধ হন। 

ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু বলেন, “ঘটনার খবর পেয়ে গ্রামপুলিশ ও ইউপি সদস্যকে পাঠিয়েছি। সীমান্তের বাসিন্দারা বলছেন, গুলিবিদ্ধ হাসিনুরকে কুচবিহারে নিয়ে গেছে বিএসএফ।”

হাতীবান্ধা থানার ওসি মাহমুদুন নবী বলেন, “সীমান্তবাসীর মাধ্যমে গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়েছি। বিস্তারিত জানার চেষ্টা চলছে।”

এ বিষয়ে জানতে রংপুর ৬১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মুসাহিদ মাসুমকে একাধিকবার মোবাইল ফোন করা হলে, তিনি তা ধরেননি।