টাকা চুরি: বরিশালে গৃহকর্মীকে কুপিয়ে জখম করল ‘গৃহকর্ত্রী’
ভুক্তভোগীর ভাই বলেন, তার বোনের মাথায় ছয়টি সেলাই দিতে হয়েছে।
বরিশালে গৃহকর্তার টাকা চুরির অভিযোগে গৃহকর্মীকে মারধর ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে ও গৃহকর্ত্রীর বিরুদ্ধে।
নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের আমির কুটির এলাকার ছায়াবীথি ভবনের চারতলা ফ্ল্যাটের বাসিন্দা মুদী ব্যবসায়ী শফিকুল ইসলামের বাড়িতে শনিবার এ ঘটনা ঘটে।
আহত ৩০ বছর বয়সী জেসমিন বেগমকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যম্পের এসআই বিজয় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গৃহকর্ত্রী বটি দিয়ে কুপিয়ে গৃহকর্মীকে জখম করেছে। এ অভিযোগ নিয়ে ওই গৃহকর্মী হাসপাতালে ভর্তি হয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে এবং তার অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক রেজাউল করিম সিকদার বলেন, “ওই নারীর মাথার আঘাত গুরুতর। আমরা তাকে পর্যবেক্ষণে রেখেছি; পরীক্ষা-নীরিক্ষা করা হচ্ছে।”
আহত জেসমিন বেগমের ভাই মো. রাসেল বলেন, তার বোন শফিকুলের বাড়িতে দীর্ঘদিন ধরে গৃহকর্মীর কাজ করে। শফিকুলের ১৫ হাজার টাকা চুরির ঘটনায় বোনকে দায়ি করা হয়। এ নিয়ে সকালে শফিকুলের স্ত্রী তন্নি আক্তারের সঙ্গে বোনের কথা কাটাকাটি হয়।
“এক পর্যায়ে তন্নী আমার বোনকে মারধর, জুতা পেটা ও বটি দিয়ে মাথায় কোপ দেয়। এতে তার মাথার তিন স্থানে জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে হলে ছয়টি সেলাই দেওয়া লাগে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন কি না জানতে চাইলে রাসেল বলেন, “বোন এখনও কথা বলতে পারছে না। সুস্থ হলে তার সঙ্গে আলাপ করে সিদ্বান্ত নেওয়া হবে।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলামের ছোট ভাই জহিরউদ্দিন লিটু সাংবাদিকদের বলেন, “টাকা চুরির বিষয়টি বাসায়ই মীমাংসা হয়। তখন ভাই রেগে গিয়ে জেসমিনকে চড় দিলে জেসমিন তার বিরুদ্ধে মামলা দায়েরের হুমকি দেয়।”
জহিরউদ্দিনের দাবি, তাদের ফাঁসানোর জন্য জেসমিন রান্নাঘর থেকে বটি এনে তার ভাইকে দিলে সে কুপিয়েছে।
ঘটনাটির ভিডিও তার কাছে রয়েছে বলে সে দাবি করলেও ভিডিও দেখাতে পারেননি।
এ প্রসঙ্গে কোতোয়ালি মডেল থানার ওসি মো. আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়েছেন। তারা ফিরলে বিষয়টি বলতে পারবেন। তবে কেউ কোনো অভিযোগ করেনি।
