দিনাজপুরে ট্রাকের ধাক্কায় বাইক আরোহী খালা-ভাগিনার মৃত্যু
বোচাগঞ্জ থেকে একটি ট্রাক জেলা শহরে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী খালা ও ভাগিনার প্রাণ গেছে। এ ঘটনা ট্রাক চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
বুধবার দুপুরে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের সড়কে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বোচাগঞ্জ থানার ওসি আবু বক্কর সিদ্দিক রাসেল।
নিহতরা হলেন- উপজেলার জালগাঁও গ্রামের স্বদেপ চন্দ্র রায়ের মেয়ে চম্পা রানী রায় (২২) ও তার বোনের ছেলে আনোড়া গ্রামের বিশ্বজিতের ছেলে জয় (৫)।
স্থানীয়দের বরাতে ওসি আবু বক্কর বলেন, বোচাগঞ্জ থেকে মাল বোঝাই একটি ট্রাক দিনাজপুর অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক চম্পা ও আরোহী জয় ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ঘটনার পরপর স্থানীয় জনতা ট্রাকসহ চালক ও তার সহকারীকে আটক করে পুলিশে সোপর্দ করে বলে জানান তিনি।
এদিকে খবর পেয়ে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডালিম সরকার প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারকে তাৎক্ষণিক ৫০ হাজার টাকা প্রদান করেন।
ট্রাকচালক ও তার সহকারীকে পুলিশ হেফাজতে নেওয়ার কথা জানিয়ে ওসি আবু বক্কর বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
