শাহজাদপুরে মারধরে আহত গরু ব্যবসায়ীর মৃত্যু, গ্রেপ্তার ৩
একই পরিবারের নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের শাহজাদপুরে মারধরে আহত হওয়ার তিন সপ্তাহ পর এক গরু ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বৃহস্পতিবার রাতে উপজেলার বেলতৈল ইউনিয়নের কুঠি সাতবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ওসি খায়রুল বাশার।
নিহত আনছার আলী (৬০) ওই গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে।
এ ঘটনার পর একই পরিবারের নারীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন, উপজেলার কুঠি সাতবাড়িয়া গ্রামের তালেব (৫৫), তার স্ত্রী হেনা বেগম (৫২) ও ছেলে কাদের (২০)।
ওসি খায়রুল বাশার জানান, গরু ব্যবসায়ী আনছার আলী গ্রেপ্তার তালেব ও তার সহযোগীদের সঙ্গে গরুর ব্যবসা করত। বছর তিনেক আগে তালেব ও তার সহযোগীরা মিলে আনছার আলীর কাছ থেকে ৩২ হাজার টাকা ধার নেয়।
“কিন্তু সেই টাকা আজও পরিশোধ করেনি। গত ২৩ ডিসেম্বর ধারের টাকা চাইতে গেলে তালেব ও তার সহযোগীরা আনছার আলীকে মারধর করেন। এ বিষয়ে গ্রাম প্রধানদের কাছে বিচার চাইলে ২৬ ডিসেম্বর সালিশের দিন ধার্য হয়। কিন্তু তালেব ও তার সহযোগীরা সালিশে না গিয়ে রাস্তায় একা পেয়ে আনছার আলীকে আবারও মারধর করেন।”
আহত আনছার আলীকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় উল্লেখ করে ওসি বাশার বলেন, “২৮ ডিসেম্বর হাসপাতাল থেকে তিনি বাড়িতে ফিরে আসেন। বুধবার আবারো অসুস্থ হয়ে পড়লে তাকে আবারো একই সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।”
শুক্রবার বিকালে আনছারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয় জানিয়ে পুলিশ কর্মকর্তা খায়রুল বাশার বলেন, এ ঘটনায় নিহতের ছেলে শাহিন আলম বাদী হয়ে ১২জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন। নিহতের লাশ ও গ্রেপ্তাররা থানা হেফাজতে রয়েছে।
