২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জাবির সাবেক উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন আর নেই

আলাউদ্দিন আহমেদ ১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

জাবির সাবেক উপাচার্য অধ্যাপক আলাউদ্দিন আর নেই

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ‍্যাপক আলাউদ্দিন আহমেদ আর নেই।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2022, 09:46 PM

Updated : 13 Dec 2022, 10:27 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ‍্যাপক আলাউদ্দিন আহমেদ আর নেই।

মঙ্গলবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে তার মৃত্যু হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মহিউদ্দিন সুমন।

তিনি বলেন, “দীর্ঘদিন অসুস্থ থাকার পর আজ বিকেল ৩টার দিকে মারা যান তিনি।”

আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে প্রধানমন্ত্রী মরহুম আলাউদ্দিন আহমেদ রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ ১৯৪৭ সালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি এবং ১৯৮২ সালে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএস ডিগ্রি অর্জন করেন।

১৯৮৫ সালে এই অধ্যাপক জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে ডিএসসি ডিগ্রি অর্জন করেন। 

১৯৭৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়ে তিনি ১৯৯২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 

আলাউদ্দিন আহমেদ ১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন।

তিনি কিশোরগঞ্জের একটি সংসদীয় আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৯৯৯ সালের ৯ ডিসেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।

তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নূরুল আলম এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনও সাবেক এই উপাচার্যের মৃত্যুতে শোক জানিয়েছে।

শোক বার্তায় জাবি উপাচার্য নূরুল আলম বলেন, “অধ্যাপক আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। সমাজনীতি, রাজনীতি এবং রসায়ন বিজ্ঞানে তার জ্ঞান এবং প্রাজ্ঞতায় জাতি সমৃদ্ধ হয়েছে।”

“জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং পরবর্তী সময়ে উপাচার্য হিসেবে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং ভৌত অবকাঠামোগত উন্নয়নে তার অবদান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”

শোকবার্তায় সাবেক উপাচার্যের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ ও তার আত্মার মাগফেরাত কামনা করা হয়।