১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ঢাবিতে এবার ‘সিতারা পারভীন পুরস্কার’ পেলেন ১১ শিক্ষার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে স্নাতকের চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ ১০ স্কোরের অধিকারীদের এই পুরস্কার দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 04:57 PM

Updated : 12 Nov 2026, 04:57 PM

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১১ শিক্ষার্থী এবার ‘অধ্যাপক সিতারা পারভীন পুরস্কার’ পেয়েছেন।

২০২৪ সালের বিএসএস (সম্মান) পরীক্ষায় ভালো ফলাফল করায় তাদের এ পুরস্কার দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম তাদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কারপ্রাপ্ত হলেন- তাশাহুদ আহমেদ রাফিম, অর্জিতা সূত্রধর, মো. আকতারুল ইসলাম, মো. তাহমিদুল আলম, নওশীন মুশতারী, সাদিয়া পারভীন অর্পা, সাদিয়া রহমান, সানজানা জেবিন ছোঁয়া, মো. ফাহিম হাসান মাহদী, অনুস্কা ব্যানার্জী এবং আলী হাসান ওয়াহিদ।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সিতারা পারভীন ২০০৫ সালের ২৩ জুন যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত হন। সাবেক রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দীন আহমদের মেয়ে সিতারার পারভীনের স্বামী আহাদুজ্জামান মোহাম্মদ আলীও এই বিভাগের প্রাক্তন অধ্যাপক।

সিতারার পারভীনের মৃত্যুর পর ২০০৬ সাল থেকে তার পরিবারের উদ্যোগে এই পুরস্কার দেওয়া হচ্ছে।

চার বছরের স্নাতকের চূড়ান্ত ফলাফলে সর্বোচ্চ ১০ স্কোরের অধিকারীদের এই পুরস্কার দেওয়া হয়। কখনও একাধিক শিক্ষার্থী একই স্কোর পেলে তার সংখ্যা দশের বেশি হয়।

সিতারা পারভীনের স্মৃতি স্মরণ করে উপাচার্য ওবায়দুল ইসলাম বলেন, “তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের একজন সৎ, আন্তরিক ও নিবেদিতপ্রাণ শিক্ষক এবং গবেষক। এ ধরনের বৃত্তি শিক্ষার্থীদের পড়াশোনায় অনুপ্রাণিত করবে এবং তাদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হতে সহায়তা করবে।”

সিতারা পারভীনের সংক্ষিপ্ত জীবনী তুলে ধরেন বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

অনুষ্ঠানে‎গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক মার্জিয়া রহমান, অবসরপ্রাপ্ত অধ্যাপক আহাদুজ্জামান মোহাম্মদ আলী, সাংবাদিক কুররাতুল-আইন-তাহমিনা অনুষ্ঠানে কথা বলেন।