২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে রেল সেতুতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে উল্লেখ করেন নিহতের বড় ভাই।   

টাঙ্গাইলে রেল সেতুতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ

টাঙ্গাইল সদর উপজেলায় রেল সেতুতে ঝুলন্ত মরদেহ দেখতে স্থানীয়দের ভিড়।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2023, 03:57 PM

Updated : 16 Jul 2023, 03:57 PM

টাঙ্গাইল সদর উপজেলায় একটি রেল সেতু থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার গালা ইউনিয়নের শালিনা গ্রামের একটি রেল সেতুতে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পাওয়া যায় বলে ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফজলুল হক জানান।

নিহত মো. বাচ্চু মিয়া (৪২) সদর উপজেলার মগড়া ইউনিয়নের কুইজবাড়ী এলাকার বাসিন্দা। তিনি কাঠের ব্যবসা করতেন।

বাচ্চুর বড় ভাই আব্দুল হামিদ বলেন, “শনিবার ঘাটাইল উপজেলায় একটি গাছের বাগান কিনতে যায় বাচ্চু। সর্বশেষ রাতে ৮টায় ঘাটাইল বাসস্ট্যান্ডে থাকা অবস্থায় পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয় তার। এরপর থেকে বাচ্চুর ফোন বন্ধ হয়ে যায়।

“বাচ্চু রাতে বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করা হয়। ভোর রাতে ঘাটাইল থানায় খোঁজ নিলে পুলিশ জানায়, শালিনা এলাকায় একজনের লাশ পাওয়া গেছে। পরে সেখানে গিয়ে বাচ্চুর লাশ শনাক্ত করি।”

তিনি আরও বলেন, “আমার ভাই কখনও আত্মহত্যা করতে পারে না। এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।”

তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান  তিনি।

এসআই ফজলুল হক বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর সঠিক তথ্য জানা যাবে বলে জানান রেলওয়ে পুলিশের এই কর্মকর্তা।