টাঙ্গাইল কারাগারে বন্দি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যুবকের মৃত্যু
লাল মিয়া অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন জেল সুপার।
টাঙ্গাইল জেলা কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে টাঙ্গাইলের জেল সুপার মকলেছুর রহমান জানান।
৩৮ বছর বয়সী লাল মিয়া বাসাইল উপজেলার খাটোরা গ্রামের মৃত নাসিম উদ্দিনের ছেলে।
জেল সুপার মকলেছুর জানান, লাল মিয়া অ্যাজমাসহ বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়।
“সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৭টায় তার মৃত্যু হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”
তিনি আরও জানান, উপজেলার কাউলজানী গ্রামের মনিরুজ্জামান নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে গত বছরের ৮ জুন একজনকে আমৃত্যু এবং চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের মধ্যে লাল মিয়া ছিলেন।
