পাবনা বিশ্ববিদ্যালয়ে সহকারী প্রক্টরের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ
একটি হলে ঢুকে শিক্ষার্থীদের গালিগালাজ ও চর-থাপ্পড় মারার অভিযোগ তোলে তার অপসারণ দাবি করেন একদল শিক্ষার্থী।
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টরের অপসারণের পক্ষে ও বিপক্ষে বিক্ষোভ করেছেন দুদল শিক্ষার্থী।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে মুখোমুখি অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।
পরে বিশ্ববিদ্যালয়টির উপ উপাচার্য মোস্তফা কামাল খান ও প্রক্টর কামাল হোসেনের মধ্যস্থতায় উভয় পক্ষ সরে যায়।
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও অর্থনীতি বিভাগের শিক্ষক ইয়াহিয়া ব্যাপারী আকাশ।
একটি হলে ঢুকে শিক্ষার্থীদের গালিগালাজ ও চর-থাপ্পড় মারার অভিযোগ তোলে তার অপসারণ দাবি করেন একদল শিক্ষার্থী।
শনিবার বেলা ৩টার দিকে পাবিপ্রবির সমাজকর্ম বিভাগের কয়েকজনের নেতৃত্বে প্রশাসন ভবনের সামনে বিক্ষোভ শুরু করে কিছু শিক্ষার্থী।
তারা ইয়াহিয়া ব্যাপারীর অপসারণ দাবি করে শ্লোগান দিতে শুরু করেন।
কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থীসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা সেখানে যান। শিক্ষার্থীরা সহকারী প্রক্টরের বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য উল্লেখ করে তার পক্ষে শ্লোগান দিতে শুরু করেন।
উভয় পক্ষের পাল্টাপাল্টি শ্লোগানে সেখানে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে উপ উপাচার্য মোস্তফা কামাল খান, প্রক্টর কামাল হোসেনসহ জ্যেষ্ঠ শিক্ষকরা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়ে উভয় পক্ষকে নিবৃত করেন।
ইয়াহিয়া ব্যাপারীর বিরুদ্ধে বিক্ষোভকারী সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী প্রান্ত।
তিনি বলেন, “শনিবার দুপুরে সহকারী প্রক্টর কোনো প্রটোকল না মেনে, প্রক্টরের সঙ্গে আলোচনা ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে প্রবেশ করে কয়েকজন শিক্ষার্থীকে গালিগালাজ করে চর-থাপ্পড় মারতে শুরু করেন।
“শিক্ষার্থীরা এর প্রতিবাদ জানালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে দেখে নেওয়ার হুমকি দেন।”
প্রান্ত বলেন, “সহকারী প্রক্টর শিক্ষার্থীদের গায়ে হাত তোলার অধিকার কোথায় পেলেন? আমরা তার অপসারণ চাই।”
তবে এসব অভিযোগ অসত্য দাবি করে সহকারী প্রক্টর ইয়াহিয়া ব্যাপারীর পক্ষ নেন অপর একদল শিক্ষার্থী।
অর্থনীতি বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী ও পাবিপ্রবি সনাতন বিদ্যাপীঠ সংসদের সাধারণ সম্পাদক সুইট মণ্ডল।
তিনি বলেন, “শনিবার সকালে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শানুর নেতৃত্বে কয়েকজন বঙ্গবন্ধু হলে ৫২১ নম্বর কক্ষে এসে আমার কাছে চাঁদা দাবি করেন। আমি প্রতিবাদ জানালে তারা আমাকে মারপিট শুরু করে। আমি নিরাপত্তার জন্য সাহায্য চেয়ে সহকারী প্রক্টর স্যারকে ফোন করি। স্যার দ্রুত ঘটনাস্থলে এসে তাদের হামলা থেকে আমাকে রক্ষার চেষ্টা করেন। কিন্তু তারা স্যারের সঙ্গেও দুর্ব্যবহার করে তাকে লাঞ্ছিত করে।
“এখন ঘটনা অন্যদিকে নিতে স্যারের বিরুদ্ধে এমন মিথ্যা অভিযোগ করছে।”
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে তরিকুল ইসলাম শানু বলেন, “আমরা সেখানে সরস্বতী পূজার প্রসাদের জন্য গিয়েছিলাম।”
ইয়াহিয়া ব্যাপারী আকাশের ভাষ্য, “আমি বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও আবাসিক শিক্ষক। হলে ঝামেলার খবর পেয়ে শনিবার সকালে দ্রুত সেখানে যাই।
এ সময় সুইট মণ্ডলকে উদ্ধার করে বিবাদমান দুপক্ষকে প্রক্টর অফিসে এসে বিষয়টি নিয়ে কথা বলতে অনুরোধ করি। কিন্তু সমাজকর্ম বিভাগের কয়েকজন শিক্ষার্থী উগ্র আচরণ শুরু করে, আমি কেন হলে গিয়েছি, বলে চিৎকার চেঁচামেচি করতে থাকে।
তিনি বলেন, “কিছুক্ষণ পরে দেখি প্রশাসন ভবনের সামনে তারা আমার বিরুদ্ধে শ্লোগান দিচ্ছে। পরে আমার বিভাগের কিছু শিক্ষার্থী ও মারধরের শিকার আবাসিক শিক্ষার্থীরা তাদের বিপক্ষে বিক্ষোভ করেছে বলে শুনেছি।”
শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রক্টর কামাল হোসেন বলেন, “আমরা বিক্ষোভরত উভয় পক্ষকে বুঝিয়ে সমঝোতা করে দিয়েছি।”
চাঁদাবাজি বা মারপিটের লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান কামাল হোসেন।
