ঈদকে সামনে রেখে সক্রিয় গরুচোর, ট্রাকসহ গ্রেপ্তার ৮
গরু চুরিতে ব্যবহৃত ট্রাকও জব্দ করে পুলিশ।
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু চোরদের সক্রিয় হয়ে ওঠার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
চোরেরা রাতের আঁধারে গৃহস্থ ও খামারিদের গরু চুরি করে বিভিন্ন হাট-বাজারে নিয়ে বিক্রি করে।
এমন একটি চক্রের আটজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দারা। উদ্ধার করা হয়েছে তিনটি চোরাই গরু। চুরির কাজে ব্যবহৃত নম্বরবিহীন একটি ট্রাকও জব্দ করেছে পুলিশ।
বুধবার দুপুরে ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান।
এর আগে গত মঙ্গলবার রাতে সাভার, আশুলিয়া, ধামরাই ও গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
গ্রেপ্তাররা হলেন: হেমায়েতপুরের ঝাউচর এলাকাকার বাসিন্দা মোমিনুল (৩০), রমজান শেখ ওরফে কালু (৪০), মো. খোকন (৪০), সিরাজগঞ্জ জেলার আনোয়ার হোসেন (৩৬), মো. ইব্রাহিম শেখ (২৬), শফিকুল (৪৭), নওঁগা জেলার মো. গাজী (৩৮) ও রংপুর জেলার মুক্তার হোসেন (৪০)।
হেমায়েতপুরের ঝাউচর ট্যানারি ৩ নম্বর গেইট সংলগ্ন বাসা থেকে তিনটি গরু উদ্ধার ও চুরির কাজে ব্যবহৃত ট্রাকটি আশুলিয়ার জামগড়া এলাকা থেকে জব্দ করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সাভার, ধামরাই ও নবাবগঞ্জ থানায় গরু চুরির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
ঢাকা জেলা (উত্তর) ডিবি পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, ঈদকে সামনে রেখে গত ১৬ জুন ঢাকার নবাবগঞ্জ থানাধীন বান্দুরা ইউনিয়নের কাঠালীঘাটা এলাকার মনুরদ্দিনের তিনটি গরু চুরি হয়। এর আগে এপ্রিল মাসে ভার্কুতা এলাকার বেলওয়েথার এগ্রো ফার্ম থেকে চারটি গরু চুরি হয়। প্রায় ৭/৮ মাস আগে ধামরাইয়ের নান্নার এলাকার রেজাউল করিমের গোয়লঘর থেকে ছয়টি গরু চুরি করে নিয়ে বিক্রয় করে টাকা নিজেদের মধ্যে ভাগ করে নেয় চোরেরা।
পরে ভুক্তভোগিরা সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করলে তদন্তে নেমে আট চোরকে গ্রেপ্তার করা হয়।
বাকিদের গ্রেপ্তারে চেষ্টা অব্যাহত আছে বলে জানান ডিবি পুলিশের ওসি মো. রিয়াজ উদ্দিন।
