২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে কারখানা পরিদর্শনে গিয়ে হামলার শিকার ভ্যাট কর্মকর্তারা

কারখানার ভ্যাটের চালান, দাখিলপত্র ও ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রার দেখতে চাইলে ১৫-২০ জন ব্যক্তি কর্মকর্তাদের ওপর হামলা চালায় বলে জানায় পুলিশ।

ফেনীতে কারখানা পরিদর্শনে গিয়ে হামলার শিকার ভ্যাট কর্মকর্তারা

ফেনীতে কারখানা পরিদর্শনের সময় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় এক ব্যবসায়ী গ্রেপ্তার।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2023, 11:24 PM

Updated : 12 Oct 2023, 11:24 PM

ফেনীতে কারখানা পরিদর্শনে গিয়ে হামলার শিকার হয়েছেন কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তারা। এতে ডেপুটি কমিশনারসহ ছয়জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার সন্ধ্যায় ফেনী-কুমিল্লা সড়কের জেলা তথ্য অফিসের বিপরীতে ‘আমিন ব্রাদার্স অ্যালুমিনিয়াম ফ্যাক্টরিতে’ এ ঘটনা ঘটে বলে ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী জানান।

এ ঘটনায় ইমাম হোসেন ও তার ভাই বেলাল হোসেনসহ অজ্ঞাত পরিচয় ২০ থেকে ২২ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এর আগে ইমামকে আটক করে পুলিশ।

ফেনীর সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগের ডেপুটি কমিশনার মো. বাবুল ইকবালের নেতৃত্বে রাজস্ব কর্মকর্তা মো. শাহনুর আলম, সহকারী রাজস্ব কর্মকর্তা মো. ফজলে আজম, উপ-পরিদর্শক মো. রুবেল মিয়া, আবুল কাশেম ও তাদের গাড়িচালক সাহাব উদ্দিন ফ্যাক্টরি পরিদর্শনে যান।

“সেখানে গিয়ে তারা নিজেদের পরিচয় দিয়ে কারখানার ভ্যাটের চালান, দাখিলপত্র ও ক্রয়-বিক্রয়ের রেজিস্ট্রার দেখতে চান। এ সময় কারখানার লোকজন কাগজপত্র দেখাতে অস্বীকৃতি জানায়। অনুরোধ করা হলে কারখানার শ্রমিকসহ ১৫-২০ জন কর্মকর্তাদের উপর হামলা চালায়।

“এ সময় হামলাকারীরা কর্মকর্তাদের গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তাদের উদ্ধার করে। এদিকে পুলিশ যাওয়ার খবরে হামলাকারীরা পালিয়ে যান।”

ওসি শহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে কারখানার মালিক বেলাল হোসেনের ভাই ইমাম হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।