২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ছুরিকাঘাতে শিক্ষিকা গুরুতর জখম, সাবেক স্বামী আটক

ছয় মাস আগে আতিকুর রহমানের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয় সহকারী শিক্ষিকা রুনার।

ঝালকাঠিতে ছুরিকাঘাতে শিক্ষিকা গুরুতর জখম, সাবেক স্বামী আটক

আশংকাজনক অবস্থায় শিক্ষিকাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2023, 03:25 PM

Updated : 04 Apr 2023, 03:25 PM

ঝালকাঠিতে সাবেক স্বামীর ছুরিকাঘাতে প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকা গুরুতর জখম হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাবেক স্বামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার দিকে জেলা শহরের সাধনার মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান ঝালকাঠি সদর থানার ওসি নাসির উদ্দিন সরকার।

আহত মোসাম্মদ রুনা খানম শহরের শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ছয় মাস আগে আতিকুর রহমানের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ হয়।

ওসি নাসির জানান, মঙ্গলবার সকালে ওই শিক্ষিকা স্কুলে যাওয়ার পথে সাবেক স্বামী আতিক তার পথরোধ করে ধারালো ছুরি দিয়ে গলা, পেট ও বুকে আঘাত করে।

এতে গুরুতর আহত শিক্ষিকাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। পরে আশংকাজনক অবস্থায় শিক্ষিকাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

Image

ধরা পড়ার পর আতিককে থানায় নিয়ে আসে পুলিশ।

এ দিকে ঘটনার পর স্থানীয়দের ধাওয়া খেয়ে আতিক পাশে থাকা পুলিশের কাছে ধরা পড়ে। পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে।

ওই শিক্ষিকার কর্মস্থল শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম বলেন, “এমন ন্যাক্কারজনক ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই। আমরা শিক্ষক সমাজ এ ঘটনায় প্রতিবাদ কর্মসূচির ডাক দিচ্ছি।”

ওসি নাসির উদ্দিন বলেন, আটক আতিককে পুলিশী হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।