গৃহস্থালি বর্জ্য থেকে কম্পোস্ট: গ্রামাউসের সঙ্গে মসিকের চুক্তি
চুক্তির আওতায় সিটি করপোরেশন নির্মিত আকুয়ার কম্পোস্ট প্ল্যান্টে দৈনিক প্রায় ২০ টন গৃহস্থালি বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি হবে।
গৃহস্থালি বর্জ্য থেকে কম্পোস্ট সার উৎপাদনের লক্ষ্যে গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা-গ্রামাউসের সঙ্গে ময়মনসিংহ সিটি করপোরেশন-মসিকের চুক্তি হয়েছে।
রোববার দুপুরে শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এ বিষয়ে সমঝোতা স্মারকে স্বাক্ষর করে দুপক্ষ।
চুক্তির আওতায় গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থা ময়মনসিংহ সিটি করপোরেশন নির্মিত আকুয়ার কম্পোস্ট প্ল্যান্টে দৈনিক প্রায় ২০ টন গৃহস্থালি বর্জ্য থেকে কম্পোস্ট সার তৈরি করবে।
সিটি করপোরেশনের পক্ষে মেয়র মো. ইকরামুল হক টিটু এবং গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার পক্ষে এর নির্বাহী পরিচালক মো. আব্দুল খালেক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ সময় মেয়র বলেন, “ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকার বর্জ্য ব্যবস্থাপনায় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় প্রিজম ফাউন্ডেশন নামক একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি করা হয়েছে। তারা ৮ থেকে ১০ মাসের মধ্যে কাজ শুরু করতে পারবে বলে আশা করা যায়। এ ছাড়া, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাবটিও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মানব বর্জ্যকেও ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার তৈরি করা হচ্ছে। আমাদের লক্ষ্য পরিচ্ছন্ন ও স্বাস্থ্য ঝুঁকিমুক্ত ময়মনসিংহ নগরী।”
তিনি আরও বলেন, “ময়মনসিংহ শহর ইতোমধ্যে বর্জ্য ব্যবস্থাপনায় বেশ কিছু সফলতা অর্জন করেছে। রাত্রিকালীন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম চালু আছে। ড্রেনেজ নেটওয়ার্ক তৈরি করা হয়েছে। তবে সার্বিক বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সফলতার জন্য সব নাগরিকের সচেতনতা এবং সহযোগিতা একান্ত প্রয়োজন।”
চুক্তি স্বাক্ষরকালে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচকে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মোহাব্বত আলী, গ্রামীণ মানবিক উন্নয়ন সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
