ঠাকুরগাঁওয়ে প্রধানমন্ত্রীকে নিয়ে ‘কটূক্তি’, যুবক গ্রেপ্তার
আমানুল্লাহ বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় প্রধানমন্ত্রী, মন্ত্রী ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে কটূক্তিমূলক পোস্ট দেওয়ায় অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোর রাতে উপজেলার আমগাঁও ইউনিয়নের খামার হঠাৎপাড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে হরিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহিদুর রহমান জানান।
গ্রেপ্তার আমানুল্লাহ আমান (২৮) ওই গ্রামের বাসিন্দা।
মামলার বরাত দিয়ে পরিদর্শক শহিদুর রহমান বলেন, “শুক্রবার দুপুরে আমানুল্লাহ তার নিজস্ব ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও আওয়ামী লীগের দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্য করে মানহানিকর এবং কুরুচিপূর্ণ বক্তব্য পোস্ট করেন।”
তিনি বলেন, “শুক্রবার রাতে হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান বাদী হয়ে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ ও ৩১ ধারায় একটি মামলা করেন। এ মামলায় আমানুল্লাহকে আসামি করা হয়।”
এরপর আমানুল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
মামলার বাদী হরিপুর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনার সম্মানহানি আমি কোনোভাবেই মেনে নিতে পারি না। সেজন্যই আমানুল্লাহ আমান বিরুদ্ধে মামলা করেছি। আমি এমন ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।”
