১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে, আহত ৭

বিকালে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেওয়ার মুহূর্তে গাড়িটি উল্টে পাহাড়ের প্রায় ৪০ ফুট নিচে পড়ে যায়।

রাঙামাটিতে পর্যটকবাহী বাস খাদে, আহত ৭

রাঙামাটি শহরের ঝুলন্ত সেতু এলাকায় শুক্রবার সন্ধ্যায় বাসটি উল্টে যায়।

রাঙামাটি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2023, 10:10 PM

Updated : 10 Feb 2023, 10:10 PM

চট্টগ্রাম থেকে রাঙামাটিতে ভ্রমণে আসা একটি বাস উল্টে পাহাড়ের নিচে পড়ে সাতজন আহত হয়েছেন। 

শুক্রবার সন্ধ্যায় ঝুলন্ত সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম জানান। 

আহতদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং আসমা আক্তার (৪০) নামের একজনকে চট্টগ্রামে পাঠানো হয়। 

ওই বাসের যাত্রী নৈয়ব উদ্দিন জানান, চট্টগ্রাম শহরের পূর্ব মাদারবাড়ির রাবেয়া ওয়ার্কসপ থেকে কয়েকটি পরিবারের প্রায় ৪০ জন সদস্য একটি বাসে রাঙামাটি আসেন ভ্রমণে। 

“ভ্রমণ শেষে বিকালে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেওয়ার মুহূর্তে গাড়িটি ‘বেক গিয়ার’ দিলে সঙ্গে সঙ্গে উল্টে প্রায় ৪০ ফুট নিচে পড়ে যায়।” 

ওই সময় বাসটিতে ১০ থেকে ১২ জন যাত্রী ছিল বলে জানান তিনি। 

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. দিদারুল আলম বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে বাসে আটকা পড়া তিন যাত্রীকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যাই। তবে আমরা আসার আগে স্থানীয়রা আরও চারজনকে উদ্ধার করে।” 

রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক দেবব্রত ভট্টাচার্য জানান, আহত সাত জনকে জরুরি বিভাগে আনা হয়। গুরুতর আহত একজনকে চট্টগ্রামে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। 

দুর্ঘটনার পর চালক ও সহকারী গাড়ি রেখে পালিয়ে গেছেন।