টাঙ্গাইলে গৃহবধূর মৃত্যু, হত্যার দাবি তুলে লাশ নিয়ে সড়কে স্বজনরা
গৃহবধূর মরদেহ নিয়ে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে স্বজনদের মানববন্ধন।
টাঙ্গাইলের সখীপুরে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। এ ঘটনার বিচার দাবিতে মরদেহ নিয়ে মানববন্ধন করেছেন নিহতের স্বজনরা।
সোমবার রাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে মরদেহ উদ্ধার করা হয় বলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীন জানান।
নিহত ২২ বছর বয়সী রুনা আক্তার ওই গ্রামের দেওয়ান সাব্বিরের স্ত্রী।
মঙ্গলবার বিকালে হত্যার প্রতিবাদ ও জড়িতদের গ্রেপ্তার দাবিতে রুনার মরদেহ নিয়ে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে স্বজনরা মানববন্ধন করেছে বলে জানায় পুলিশ।
মানববন্ধনে রুনার বাবা রফিকুল ইসলাম বলেন, “আমার মেয়েকে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি দীর্ঘদিন ধরে নির্যাতন করত। সোমবার রাতে মেয়ের বাড়ি থেকে মোবাইল ফোন বলা হয়, রুনা আত্মহত্যা করেছে।
“সেখানে গিয়ে দেখি রুনার মরদেহ বিছানায় পড়ে আছে। রুনা আত্মহত্যা করেছে বলে তার শ্বশুরবাড়ির লোকজন এলাকায় প্রচার করেন।”
রুনার মুখে বালিশ চাপা ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে বলে দাবি করেন নানা মুকলেছুর রহমান।
ময়নাতদন্ত শেষে বিকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা।
