০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে ৫ জনের মৃত্যু

“তাদের স্থানীয়রা কেউ চিনতে পারছেন না। দেখে মনে হয়েছে তারা প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষ।”

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2024, 04:20 PM

Updated : 26 Aug 2026, 09:57 AM

নরসিংদী রায়পুরা উপজেলায় ট্রেনে কাটা পড়ে পাঁচজনের প্রাণ গেছে। 

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্রগ্রাম রেলপথের খাকচক এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. শহীদুল্লা জানান। 

পুলিশের ধারণা, চট্টগ্রাম থেকে ঢাকাগামী তুর্ণা নিশীথা এক্সপ্রেসে কাটা পড়ে ওই পাঁচজনের মৃত্যু হয়েছে। তবে তারা ট্রেন থেকে পড়ে গিয়ে, নাকি রেল লাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছেন সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা জানান, সকালে তারা রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্ন-বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ সকাল পৌনে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। 

নিহতরা সবাই পুরুষ। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ মরদেহ উদ্ধারে কাজ শুরু করেছে বলে এসআই শহীদুল্লাহ জানিয়েছেন।

ঢাকা জেলা রেল পুলিশের সুপার মো. আনোয়ার হোসেন বলেন, “ঢাকা চট্টগ্রাম রেলপথের নরসিংদীর রায়পুরা উপজেলার খাকচক ও কমলপুর গ্রামের মধ্যবর্তী রেললাইনে পাঁচজন পুরুষের কাটা মরদেহ পড়ে থাকতে দেখেন ট্রেনযাত্রী ও স্থানীয়রা। খবর পেয়ে সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ও ভৈরব রেলওয়ে পুলিশ।

“নিহতদের বয়স ১৯ থেকে ২৫ বছরের মধ্যে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কখন কোন ট্রেনে তারা কাটা পড়েছেন, সেটি নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে।”

তিনি বলেন, “ট্রেনে কাটা পড়েই তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে স্থানীয়রা কেউ তাদের চিনতে পারছে না। দেখে মনে হয়েছে তারা প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষ।”

“পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ফিঙ্গার প্রিন্ট নিয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পর নিশ্চিত হওয়া যাবে, তারা কোথায় যাচ্ছিলেন বা তারা কি কাজ করতেন। আপাতত মরদেহগুলো উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে নেওয়া হবে।”