২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আওয়ামী লীগ নেতা খুন: জড়িতদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

তিন দিন আগে মধ্যরাতে দুর্বৃত্তরা সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুলকে কুপিয়ে হত্যা করে বলে জানায় পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2024, 09:42 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুল হাসানকে হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নবাসীর আয়োজনে এ প্রতিবাদ সভায় নিহতের স্বজন, এলাকাবাসী ও তার রাজনৈতিক সহকর্মীরা অংশগ্রহণ করেন।

তিনি দিন আগে সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে (৪০) কুপিয়ে হত্যা ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

হত্যায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে শুক্রবার উপজেলার শেখেরচর ভগিরথপুর মাজার বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে ঈদগাঁহ মোড়ে গিয়ে শেষ হয়। 

সেখানে প্রতিবাদ সভায় বক্তারা বলেন, হত্যাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ এবং মাদক ব্যবসায়ী। এক সপ্তাহের মধ্যে সব আসামিকে আইনের আওতায় নেওয়ার দাবি জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মতিউর রহমান মতির সভাপতিত্বে এতে নরসিংদী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, মাহবুবুলের ছোট ভাই হাফিজুল উল্লাহ এবং মাধবদী পৌর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মনিরুজ্জামান মনির বক্তব্য দেন।

এ ছাড়া চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন শাহীন, পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, নুরালাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া এবং মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ বক্তব্য দেন।

গত ২৮ মে রাত সোয়া ১২টার দিকে মাধবদী থানার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় মাহবুবুল হাসানকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় তাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আরও দুইজন।

বৃহস্পতিবার বিকালে মাহবুবুলের ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে মাধবদী থানায় মামলা করেন বলে জানান ওসি মোহাম্মদ কামরুজ্জামান।

মামলায় মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও ১২ জনকে আসামি করা হয়েছে।

আরও পড়ুন:

নরসিংদীতে বাসায় ফেরার পথে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে হত্যা: একদিন পর মামলা