২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে হত্যা: একদিন পর মামলা

হত্যার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নরসিংদীতে আওয়ামী লীগ নেতাকে হত্যা: একদিন পর মামলা
হত্যাকাণ্ডের শিকার আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসান।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2024, 10:16 PM

Updated : 26 Aug 2026, 09:41 AM

নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান মাহবুবুল হাসানকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। 

বৃহস্পতিবার বিকালে তার ছোট ভাই হাফিজ উল্লাহ বাদী হয়ে মাধবদী থানায় মামলাটি করেন বলে ওসি মোহাম্মদ কামরুজ্জামান  জানান। 

মামলার এজাহারে মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য আতাউর রহমানকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে। 

হত্যার ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

মঙ্গলবার রাতে ভগিরথপুর মাজার বাসস্ট্যান্ড এলাকার ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয় থেকে ৮-১০ জন দলীয় নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বাসায় ফিরছিলেন তিনি। পথে ‘ওবায়দুল্লাহ টেক্সটাইলের’ সামনে ৭-৮ জন অস্ত্রধারী সন্ত্রাসী মাহবুবুলসহ তার সঙ্গে থাকা লোকজনের ওপর হামলা করে।

এ সময় গুলি ও ধারাল অস্ত্রের আঘাতে মাহবুবুল, সাঈদ ও ফরহাদ আহত হন। স্থানীরা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবুলকে মৃত ঘোষণা করেন।

মাহবুবুল হাসান ভগিরথপুর গ্রামের হাজী ইমাম উদ্দিনের ছেলে। 

রাজনৈতিক বিরোধ ও চিহ্নিত মাদক কারবারিদের বাধা হয়ে দাঁড়ানোর কারণে পরিকল্পিতভাবে এ হত্যার ঘটনা ঘটানো হয়েছে বলে দাবি তার পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের।

মাধবদী থানার ওসি কামরুজ্জামান জানান, পুলিশ বাকি আসামিদের ধরতে বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। দ্রুত সময়ের মধ্যে এ হত্যাকাণ্ডে‌ জড়িত আসামিদের গ্রেপ্তার করা হবে।