মানিকগঞ্জে গত ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গু রোগী শনাক্ত
জেলায় এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ৬০২ রোগী।
মানিকগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে; জেলায় গত ২৪ ঘণ্টায় আরও ১৫ রোগী শনাক্ত হয়েছেন।
রোববার সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সিভিল সার্জন অফিসের ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা কাদের রিসাদ এ তথ্য জানান।
তিনি বলেন, মানিকগঞ্জে ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে। শনিবার সকাল ৯টা থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ১৫ রোগী।
আক্রান্তদের পর্যালোচনা করে দেখা গেছে, তারা জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা।
মোস্তফা কাদের রিসাদ বলেন, এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু রোগীর সংখ্যা ৬০২ এবং হাসপাতালে ভর্তি রয়েছেন ১২৯ জন।
তিনি আরও বলেন, আক্রান্তদের মধ্যে মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে ৩৫, কর্নেল মালেক মেডিকেল কলেজে ৪৬, মুন্নু মেডিকেল কলেজে ১৪, সাটুরিয়া উপজেলায় ১০, সিংগাইর উপজেলায় ১৩, ঘিওর উপজেলায় সাত, শিবালয় উপজেলায় এক, দৌলতপুর উপজেলায় দুই, হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রোগী ভর্তি রয়েছেন।
গত দুই দিনের পরিসংখ্যান উল্লেখ করে সিভিল সার্জন অফিসের এই কর্মকর্তা বলেন, গত শুক্রবার ২৪ ঘণ্টায় ২৬ এবং বৃহস্পতিবার ৩৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।
মানিকগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, মানিকগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য আলাদা ওয়ার্ড রয়েছে।
এ ছাড়া বর্তমানে জেনারেল হাসপাতালে ৩৫ রোগী ডেঙ্গু চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।
