মাদারীপুরে আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবি, তিন শ্রমিকের লাশ
শ্রমিকরা ‘নদী শাসন’ প্রকল্পের বালু উত্তোলন কাজে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
মাদারীপুরের শিবচর উপজেলার আড়িয়াল খাঁ নদে ড্রেজার ডুবির পর তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে।
উপজেলার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি এলাকায় ড্রেজার ডুবির চার ঘণ্টার মাথায় সোমবার বিকাল ৫টায় লাশ তিনটি উদ্ধার করা হয় বলে শিবচর নৌ-পুলিশ থানার এসআই শহীদুল ইসলাম জানান।
নিহতরা হলেন- নড়াইলের লোহাগড়া উপজেলার লাহারিয়া ইউনিয়নের একারনলী গ্রামের আফজাল হোসেনের ছেলে ইছা হোসেন (২২), রংপুরের কাউনিয়া থানার সিবু দোকারী গ্রামের ফজলু হকের ছেলে একরামুল হক (৩০) এবং ভোলার দুলারহাট থানার আহমেদপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে আলাউদ্দিন (৪৫)।
শ্রমিকরা সবাই আড়িয়াল খাঁ নদের ‘নদী শাসন’ প্রকল্পের বালু উত্তোলন কাজে নিয়োজিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এসআই শহীদুল ইসলাম বলেন, ড্রেজারটি নোঙর করা ছিল। কীভাবে ডুবেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডুবে যাওয়ার পর স্থানীয় ডুবুরি সিরাজুল ইসলামের সহযোগিতায় ড্রেজারের ভেতরে থাকা তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়।
