২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় দুদল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ২

হতাহত সবাই দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামের বাসিন্দা।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2023, 10:19 PM

Updated : 14 Jun 2023, 10:19 PM

কুষ্টিয়ার দৌলতপুরে গরুর ফসল খাওয়া নিয়ে দুদল গ্রামবাসীর সংঘর্ষে দুইজন নিহত ও অন্তন ১০ জন আহত হয়েছেন। 

বুধবার বিকালে মরিচা ইউনিয়নের হাটখোলা জামে মসজিদ এলাকায় এ সংঘর্ষ হয়।   

নিহতরা হলেন শরিফুল মালিথা ওরফে ভেলস মলিথা (৪২) ও বজলু মালিথা (৪৫)। 

আহতদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হতাহত সবাই দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের হাটখোলা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার স্থানীয় বাসিন্দা উজ্জ্বল সর্দ্দার ও বজলু মালিথার মধ্যে গরুর পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডা হয়। তার জের ধরে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে মরিচা ইউনিয়নের হাটখোলা জামে মসজিদের সামনে দুপক্ষের মধ্যে আবার বাকবিতণ্ডা থেকে সংঘর্ষ শুরু হয়। 

বজলু মালিথা ও শরিফুল মালিথা ওরফে ভেলস মলিথা ঘটনাস্থলেই নিহত হন। 

দৌলতপুর থানার ওসি মজিবর রহমান জানান, গরুর পাটক্ষেত খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। 

পুলিশ জানায়, সংঘর্ষের পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে; অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

নিহত শরিফুল মালিথা হাটখোলা গ্রামের রহমত মালিথার ছেলে এবং বজলু মালিথা একই এলাকার গেদু মালিথার ছেলে।