তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব বিএনপির কারচুপি ঠেকাতে: আইনমন্ত্রী
যৌক্তিক কোনো দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেন আইনমন্ত্রী।
বিএনপির সময় নির্বাচনে কারচুপি ঠেকানোর জন্য এই দেশে তত্ত্বাবধায়ক সরকারের আবির্ভাব হয়েছিল বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে এক সুধী সমাবেশে মন্ত্রী এ মন্তব্য করেন।
তিনি বলেন, এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আবির্ভাব হয়েছিল বিএনপির দুঃশাসন ও নির্বাচনে কারচুপি করার জন্যে। আপনারা ১৯৯৬ সালে নির্বাচন দেখেছেন, আপনারা ২০০৬ থেকে ২০০৭ সালের প্রথম দিকে নির্বাচনের প্রস্তুতি দেখেছেন, এই অপকর্মের জন্যে তত্ত্বাবধায়ক সরকারের জন্ম।
তবে যৌক্তিক কোনো দাবির ব্যাপারে প্রধানমন্ত্রী কিংবা আওয়ামী লীগের কোনো সমস্যা নেই বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ২০২১ সালের শেষ দিকে করোনা যখন চলছিল তখন একটি দাবি উঠল যে আমাদের সংবিধানে নির্বাচন কমিশন গঠনে সব পদ্ধতি লেখা আছে। সেখানে বলা আছে, একটি আইন করতে হবে। বলা হলো সেই আইনটি নাই, তা করতে হবে।
“আমার কাছে একটি এনজিও নেতৃবৃন্দ আসলেন এবং তারা একটি পরিপত্র দিলেন। সেখানে নির্বাচন কমিশন গঠনের যে আইন সেটি করে দিতে হবে। আমি বলেছিলাম এখন করোনা কালিন সময়; একটি আইন করতে হলে সংসদ ঠিকভাবে বসতে হবে। সংসদ বসলে আমরা আইনটি করে দিব।
“উনারা বললেন, সংসদ বসা দরকার নাই, অর্ডিনেন্স দিয়ে করে ফেলেন। আমি বলেছিলাম, এত বড় একটি আইন, এত গুরুত্বপূর্ণ একটি আইন সংসদকে বাদ দিয়ে করব না।”
মন্ত্রী আরও বলেন, এরপর রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব সকল রাজনৈতিক দলকে আলাদাভাবে দাওয়াত দিলেন। সেখানে আলোচনা হলো – এই আইনটি হওয়া উচিৎ।
“আমরা সেই মূহূর্তে আইনটি করে দিয়েছি। সকল দলের যৌক্তিক সংশোধিত নিয়ে আইনটি পাশ করা হয়। এই আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়।”
এই আইন পাশ হওয়ার পর বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের দাবি সামনে আনে বলে মন্ত্রী বলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সদস্য সচিব জাবেদ রহিম বিজন।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূইয়া, সংরক্ষিত সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম, জেলা প্রশাসক মো. শাহগীর আলম, জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন, পৌর মেয়র নায়ার কবির, প্রেসক্লাবের সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি পীযূষ কান্তি আচার্য ও ইব্রাহিম খান সাদাত মোহাম্মদ শাহজাদা।
এর আগে আইনমন্ত্রী আনিসুল হক প্রেস ক্লাবের ফিতা কেটে ও ফলক উন্মোচন করে সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন এবং প্রেস ক্লাব পরিদর্শন করেন।
