২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে মাকে পিটিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

মারধরের এক পর্যায়ে বাহার তার মাকে ধাক্কা দিলে ঘরের স্টিলের দরজার আংটা চোখে ঢুকে গুরুতর আহত হন তিনি।

চাঁদপুরে মাকে পিটিয়ে হত্যায় ছেলের যাবজ্জীবন

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 05:34 PM

Updated : 29 Aug 2023, 05:34 PM

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মাকে মারধর করে হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে চাঁদপুরের জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. মহিসনুল হক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) রনজিত রায় চৌধুরী।

দণ্ডিত আবুল কালাম বাহার (৫০) ওই উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের পূর্ব ধানুয়া গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি রনজিত রায় চৌধুরী বলেন, আসামি বাহার এক সময় বিদেশ ছিলেন। দেশে ফিরে তিনি অনেক সময় এলোমেলো কথাবার্তা বলতেন। যার কারণে তার স্ত্রী চলে যান। এরপরে বিভিন্ন সময়ে বাহার তার বৃদ্ধ মা ছালেহা খাতুনকে মারধর করে আহত করতেন।

তিনি বলেন, ২০১৮ সালের ২৩ জুলাই রাতে মায়ের ঘরে প্রবেশ করে অতর্কিতভাবে মারধর করেন বাহার। ধাক্কাধাক্কির এক পর্যায়ে ঘরের স্টিলের দরজার আংটা তার মায়ের চোখে ঢুকে তিনি অজ্ঞান হয়ে পড়েন।

ঘরের অন্য সদস্যরা চিৎকারে লোকজন এগিয়ে আসেন এবং ছালেহাকে উদ্ধার করে চাঁদপুর জেনারেল হাপসাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরদিন ছালেহার মেয়ের জামাতা মো. রুহুল আমিন মিজি ফরিদঞ্জ থানায় বাহারকে আসামি করে হত্যা মামলা করেন।

তদন্ত শেষে ওই বছর ১৩ ডিসেম্বর এসআই কাজী মো. জাকারিয়া আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ১২জনের সাক্ষ্য গ্রহণ আদালত এ রায় দেয়।

রায়ে আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একই সঙ্গে ১০ হাজার জরিমানা করে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।