নৌকার সভায় না এলে ‘ভাতা বন্ধের হুমকি’, আওয়ামী লীগ নেতাকে তলব
চিঠিতে ২৪ ডিসেম্বর জামালপুর-৫ আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির কাছে এ নেতাকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
নৌকার সভায় না এলে ‘ভাতা বন্ধের হুমকির’ ঘটনায় জামালপুর-৫ আসনে নৌকার সমর্থক সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিকে তলব করেছে নির্বাচনি অনুসন্ধান কমিটি।
শুক্রবার জামালপুর-৫ (সদর) আসনের নির্বাচনি অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ ফারজানা আহমেদ স্বাক্ষরিত চিঠিতে তাকে তলব করা হয় বলে আদালতের বেঞ্চ সহকারী নজরুল ইসলাম জানান।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, “মঙ্গলবার রাতে সদর উপজেলার লক্ষ্মীরচর ইউনিয়নে নৌকা প্রতীকের পক্ষে মিছিলের পর সেখানে বক্তব্য দেন লক্ষ্মীরচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হাতেম আলী।
“এ সময় তিনি ভোটারদের উদ্দেশে বলেন, ‘নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদের সভায় অংশ না নিলে নির্বাচনের পর ভাতার কার্ড বাতিল করা হবে’; যা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি বা পরিচালনায় বাধাগ্রস্ত ও ব্যাহত করেছে।”
হাতেম আলীর বক্তব্যের ঘটনাটি সংবাদমাধ্যমে প্রচার ও প্রকাশ হয়েছে। এছাড়া তার বক্তব্যের একটি ভিডিও ফুটেজ রয়েছে বলে সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়।
হাতেম আলীর এমন কার্যকলাপের পরে তার বিরুদ্ধে কেনো নির্বাচন কমিশন কর্তৃক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে না, সে বিষয়ে ২৪ ডিসেম্বর তাকে সশরীরে অনুসন্ধান কমিটির কাছে হাজির হয়ে ব্যাখ্যা দিতে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, হাতেম আলীর কাছে ব্যাখ্যা চেয়ে পাঠানো চিঠির এক কপি তিনি পেয়েছেন।
১৯ ডিসেম্বর বিকালে আওয়ামী লীগের বিজয় শোভাযাত্রা শেষে ইউনিয়ন আওয়ামী লীগের অফিসের সামনে দেওয়া এক বক্তব্যে হাতেম আলী বলেন, “নৌকায় ভোট না দিলে সরকারের সব ধরনের ভাতা বন্ধ করে দেওয়া হবে। এ সময় লক্ষ্মীরচর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি সেখানে উপস্থিত ছিলেন।
এ নিয়ে ২০ ডিসেম্বর নৌকায় ভোট না দিলে ‘ভাতা বন্ধের হুমকি’ আওয়ামী লীগ নেতার- শিরোনামে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশ হয়।
জামালপুর-৫ (সদর) আসনে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবুল কালাম আজাদ নৌকা প্রতীক নিয়ে এবং জেলা আওয়ামী লীগ সদস্য, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) পরিচালক এবং জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি রেজাউল করিম রেজনু স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই দুইজনসহ এ আসনে মোট সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
