মাদক-র্যাগিং-ইভটিজিংয়ের বিরুদ্ধে শাবির ‘জিরো টলারেন্স’
কোনো নতুন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হলে হেল্পলাইনে ফোন করতে পরামর্শ দেন উপাচার্য।
মাদক, র্যাগিং ও ইভটিজিংয়ের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছে শাহজালালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষ।
এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে জড়িতদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের পাশাপাশি পুলিশের হাতে তুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, “আমরা মাদক, র্যাগিং ও ইভটিজিংয়ের বিরদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করছি। এসব বিষয় সম্পর্কে তদারকি করতে আমাদের শক্তিশালী কমিটি সবসময় তৎপর। কেউ যেন নবীন শিক্ষার্থীকে হেনস্তা না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।”
কোনো নতুন শিক্ষার্থী র্যাগিংয়ের শিকার হলে হেল্পলাইনে ফোন করতেও পরামর্শ দেন তিনি।
উপাচার্য বলেন, “কেউ যদি মাদক, র্যাগিং ও ইভটিজিংয়ে জড়িত থাকে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া হবে। একইসঙ্গে যেহেতু এগুলো ফৌজদারি বা দণ্ডনীয় অপরাধ, তাই জড়িতদেরকে ছাড় দেওয়া হবে না।”
ক্যাম্পাসকে মাদকমুক্ত রাখতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ই দেশে প্রথম ডোপ টেস্টের মাধ্যমে শিক্ষার্থী ভর্তি শুরু করে জানিয়ে তিনি বলেন, “এ পদ্ধতি এখন সরকারি নিয়োগেও অবলম্বন করা হচ্ছে। প্রতিবছরই সন্দেহভাজন শিক্ষার্থীদের ডোপটেস্ট করা হবে। যদি প্রমাণ পাওয়া যায়, তাদেরকে পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হবে।”
এসময় সেশনজটমুক্ত বিশ্ববিদ্যালয় গঠনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি।
‘মাই সাস্ট’ অ্যাপ
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ‘মাই সাস্ট’ অ্যাপ উদ্বোধন করেন উপাচার্য।
বিশ্ববিদ্যালয়ের সেবাগুলো শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে এবং তথ্য সহজলভ্য করতে এই অ্যাপটি চালু করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ইনস্টিস্টিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির পরিচালক অধ্যাপক জহিরুল ইসলাম।
তিনি বলেন, গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা এই অ্যাপের মাধ্যমে শিক্ষার্থীরা ক্যাম্পাস সম্পর্কিত বিভিন্ন বিষয়, দপ্তরসগুলোর বিভিন্ন প্রয়োজনীয় তথ্য, বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার, ইভেন্টস, নোটিস, প্রোকিউরমেন্ট ও জব সার্কুলার সংক্রান্ত নোটিশ জানতে পারবে।
