পাবনায় বিএনপির মিছিলে যুবলীগ-ছাত্রলীগের হামলার অভিযোগ
লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয় বলে জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবের অভিযোগ।
সারাদেশে লোডশেডিং ও বিদ্যুৎ খাতে অনিয়মের প্রতিবাদে পাবনায় অবস্থান কর্মসূচি শেষে ফেরার পথে বিএনপির মিছিলে হামলার অভিযোগ উঠেছে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে শহরের ঘোড়াস্ট্যান্ড এলাকায় এই হামলা হয় বলে বিএনপির অভিযোগ।
বিএনপির দাবি, হামলায় জেলা বিএনপির আহ্বায়ক ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবসহ অন্তত ২০ আহত হয়েছেন।
বিএনপি নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে নেতা-কর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে বের হন। পরে শহরের পাওয়ার হাউস পাড়ার বিদ্যুৎ কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ শেষে স্মারকলিপি দেন তারা।
কর্মসূচি শেষ হলে নেতাকর্মীরা নিজ নিজ বাসায় ফেরার পথে ঘোড়াস্ট্যান্ডের সামনে এলে সেখানে পাবনা জেলা পরিষদের সদস্য নজরুল ইসলাম সোহেলের নেতৃত্বে যুবলীগ-ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীদের মুখোমুখি হন।
বিএনপির অভিযোগ, এ সময় তাদের নেতা-কর্মীদের ওপর যুবলীগ-ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলা চালান। হামলা থেকে বাঁচতে বিএনপির নেতা-কর্মীরা পাশের একটি মার্কেটে আশ্রয় নেন। তারা সেখানেও হামলা চালান।
এ ঘটনার পর বেলা ৩ টার দিকে পাবনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে আসেন জেলা বিএনপির সদস্যসচিব মাসুদ খন্দকার।
এখানে তিনি বলেন, “আমরা শান্তিপূর্ণ কর্মসূচি শেষ করে বাড়ি ফিরছিলাম; এ সময় আওয়ামী সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা চালিয়েছে। পুলিশ বাহিনীর উপস্থিতিতে নারকীয় হামলা চালানো হয়েছে। এতে আমাদের জেলা বিএনপির আহ্বায়কসহ অন্তত ২৫/৩০ জন আহত হয়েছে।”
তিনি আরও বলেন, আহতদের পাবনা জেনারেল হাসপালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, “আমাকে লাঠিসোঁটা দিয়ে ব্যাপক মারপিট করা হয়। যারা আমাকে মারপিট করেছেন, আমার বিশ্বাস তাদের বাবা পর্যায়ের লোকজনও আমাকে সমীহ করে চলেন।”
এ ঘটনায় থানায় মামলাও দায়ের করবেন বলে জানান তিনি।
তবে হামলা করার বিষয়টি অস্বীকার করে জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল বলেন, “আমাদেরও শান্তি সমাবেশ চলছিল। এ সময় বিএনপির নেতা-কর্মীরা সেখানে হামলা চালানোর পরিকল্পনা নিয়ে আসে। সেখানে আমাদের নেতা-কর্মীরা তাদের প্রতিহত করেছে মাত্র। বিরোধী কারোর ওপর হামলা চালানোর নির্দেশনা নাই।”
পাবনা জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম সোহেল বলেন, “আমরা শান্তি সমাবেশে মিছিল নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে তারাও যাচ্ছিল। এ সময় তারা আমাদের নেত্রীকে নিয়ে বাজে শ্লোগান দেয়। ফলে তাদের প্রতিহত করা হয়।”
এ বিষয়ে পাবনা সদর থানার ওসি কৃপা সিন্ধু বালা বলেন, ছাত্রলীগ-যুবলীগের শান্তি সমাবেশে যাওয়ার সময় বিএনপি নেতা-কর্মীরাও যান। সামান্য একটু হট্টগোল হয়েছে জেলা পরিষদ সদস্য নজরুল ইসলাম সোহেলের মিছিল থেকে।
হামলা-পাল্টা হামলার কোনো ঘটনা ঘটেনি; বিষয়টি তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
