২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সরকার যদি নিরপেক্ষ থাকে তাহলে নির্বাচন জমে উঠবে: কাদের সিদ্দিকী

“নির্বাচন সুষ্ঠু হয় কিনা তা দেখা জন্য আমি প্রার্থী হয়েছি।”

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2023, 11:20 PM

Updated : 03 Dec 2023, 11:20 PM

নির্বাচন এখনো জমে উঠেনি কিন্তু সরকার যদি নিরপেক্ষ থাকে, আর নির্বাচন কমিশন যদি দক্ষ হয়, তাহলে নির্বাচন জমে উঠবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী।

রোববার বিকালে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সাবেক এই সংসদ সদস্য টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

তিনি বলেন, “পরিস্থিতি এখন পর্যন্ত যেভাবে রয়েছে, আমি আশা করব ভবিষ্যতে আরও ভালো হবে। না হলে নির্বাচন কমিশনের বদনাম হবে, তার মর্যাদা হারাবেন।”

কাদের সিদ্দিকী বলেন, “নির্বাচন হচ্ছে ভোটারদের নিয়ে। ভোটাররা যদি উৎসাহিত হয় এবং তারা যদি ভোট কেন্দ্রে যায় ও ভোট দেয় তাহলে সেটাকে তো উৎসব মুখোরিতো বলতে হবে।“

প্রার্থী হওয়ার বিষয়ে তিনি বলেন, “আমি সব সময় মোকাবেলা করতে পছন্দ করি। নির্বাচন সুষ্ঠু হয় কিনা দেখতে আমি প্রার্থী হয়েছি এবং আমার বড় ভাই লতিফ সিদ্দিকীও প্রার্থী হয়েছে। ভোট কেন্দ্রে গেলেই দেখা যাবে কেমন হয় নির্বাচন।”

এ সময় কাদের সিদ্দিকীর তার বড় ভাই সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের স্বতন্ত্র প্রার্থী লতিফ সিদ্দিকী উপস্থিত ছিলেন।