বরিশালে ডেঙ্গুতে আরও তিন নারীর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে গোটা বিভাগে মৃতের সংখ্যা দাঁড়াল ১২৯ জনে।
সোমবার বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।
মৃতরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা মুক্তা বণিক (৪৬), বাবুগঞ্জ উপজেলার কোলচরের বাসিন্দা সুকলা মিস্ত্রি (২০) এবং বরগুনার আমতলী উপজেলার বাসিন্দা আসমা (৩৩)।
স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৮১ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, বর্তমানে বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৯৪১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ৩৯, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ২৩, বরিশাল জেলার অন্যান্য হাসপাতালে ৩০, পটুয়াখালী সদর হাসপাতালে ৩২, ভোলার সদর হাসপাতালে ৩০, পিরোজপুর সদর হাসপাতালে ৮০, বরগুনা জেলা সদর হাসপাতালে ৩৬ এবং ঝালকাঠি সদর হাসপাতালে ১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ২৯ হাজার ৪৪২ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ৩৭২ জন রোগী।
