ফরিদপুরে কলেজছাত্র হত্যা মামলায় চারজন গ্রেপ্তার
হত্যাকাণ্ডের সময় ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, সুইচ গিয়ার চাকু ও রেঞ্জ জব্দ করা হয়েছে বলে জানান এসপি।
ফরিদপুরে কলেজছাত্র প্রান্ত হত্যায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ফরিদপুরের এসপি মো. শাহজাহান।
গ্রেপ্তাররা হলেন- তানভীর আহম্মেদ সজিব শেখ (২৩), ইসরাফিল মল্লিক (৩৪), সিফাতুল্লাহ বেপারী (১৯) ও মাসুম শেখ (৩৪)।
পুলিশ সুপার শাহজাহান বলেন, গত ২৫ জুলাই রাতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত হন ফরিদপুর রাজেন্দ্র কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র প্রান্ত মিত্র।
“এরপর শহরের সংশ্লিষ্ট এলাকার সব সিসিটিভির ফুটেজ ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে জড়িতদের শনাক্ত করা হয়।”
তিনি বলেন, “গ্রেপ্তাররা সেই দিন রাতে প্রান্তকে হত্যা পর শহরের কমলাপুরে জেলা জাকের পার্টির সভাপতি মশিউর রহমান যাদু মিয়াকে কুপিয়ে জখম করেন।
“এরপর তার কাছ থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে পালিয়ে যান তারা। এ ছাড়া ওই রাতে তারা শহরের কয়েকটি জায়গায় আরও ছিনতাই করে।”
এসপির দাবি, গ্রেপ্তার সবাই ছিনতাইকারী ও মাদকসেবী। এর আগে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে সেখানে এ চারজনের পরিচয় হয়। তারা মাদকসেবন ও ফূর্তির জন্য এসব ছিনতাই করতেন।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত মোটরসাইকেল, চাপাতি, সুইচ গিয়ার চাকু ও রেঞ্জসহ ওই সময় হত্যাকারীর গায়ে থাকা রক্তমাখা জামা-কাপড়, জুতা ও বেল্ট জব্দ করা হয় বলে জানান জেলা পুলিশের ওই কর্মকর্তা।
গত সোমবার রাত আড়াই টার দিকে বন্ধুর বোনকে রক্ত দিতে বাসা থেকে হাসপাতালের উদ্দেশে বের হয়ে ছুরিকাঘাতে নিহত হন প্রান্ত।
এর দুদিন পর বুধবার রাতে প্রান্তের বাবা বিকাশ মিত্র অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় হত্যা মামলা করেন।
আরও পড়ুন:
