Published : 25 Jul 2023, 11:54 AM
ফরিদপুর শহরে এক কলেজ ছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, বন্ধুর বোনকে রক্ত দান করতে তিনি বাসা থেকে বের হয়েছিলেন।
মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ফরিদপুর শহরের আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান কোতয়ালী থানা পুলিশের এসআই মো. শামিম হোসেন।
নিহত ২৩ বছরের প্রান্ত মিত্র সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (বোটানি বিভাগ) তৃতীয় বর্ষের ছাত্র। তিনি শহরের ওয়ারলেস পাড়ায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের গ্রামের বাড়ী রাজবাড়ী জেলার পাচুরিয়া গ্রামে।
প্রান্তর বাবা বিকাশ মিত্র শহরের দীপ শিখা স্কুলে শিক্ষকতা করেন। সে সুবাদে দীর্ঘদিন ফরিদপুর শহরে বসবাস করছেন তারা। বিকাশ মিত্র এক ছেলে ও এক মেয়ের বাবা। মেয়ের বিয়ে হয়ে গেছে।
পারিবারিক সূত্রের বরাতে এসআই শামিম জানান, সোমবার রাত ২টার দিকে প্রান্তর বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলে, তার বোনের সিজার অপারেশন করতে হবে, রক্ত লাগবে। রক্ত দিতে প্রান্ত ওই সময়ই বাসা থেকে বের হয়। কিন্তু ভোর হতে চললেও প্রান্ত বাসায় না ফেরায় দুশ্চিন্তায় পড়ে যান পরিবারের সদস্যরা।
তার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর শুনে আলীপুর ব্রিজের কাছে ছুটে আসেন পরিবারের সদস্যরা।
এসআই শামিম আরও বলেন, “ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে কলেজছাত্রর মরদেহ উদ্ধার করি। মরদেহ থানায় রাখা হয়েছে।
“তার শরীরে জখমের চিহ্ন রয়েছে। কারা হত্যা করেছে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ”
ফরিদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, প্রান্তর বন্ধু হৃদয়ের বোন হাসপাতালে ভর্তি আছেন, তবে প্রান্ত হাসপাতালে গিয়েছেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে তদন্ত চলছে, শীঘ্রই জড়িতদের চিহ্নিত করা হবে, বলেন এই পুলিশ কর্মকর্তা।