সাজেকের পথে পানি, আটকা ২০০ পর্যটক
ইউএনও বলেন, “তাদেরকে কোনোভাবে পার করার সুযোগ নেই। পানি কমলে এবং সেতুটি সংস্কার হলে তারা পার হতে পারবেন।”
টানা বৃষ্টিতে রাঙামাটির পর্যটন স্পট সাজেকের পথে পানি উঠে পড়ায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে সেখানে দেড়শ থেকে ২০০ পর্যটক আটকা পড়েছেন।
সাজেক রাঙামাটি জেলায় হলেও যাতায়াতের সহজ পথ হচ্ছে খাগড়াছড়ির দীঘিনালা হয়ে। দীঘিনালা-সাজেক সড়কের কবাখালি বাজার এলাকা, বাঘাইহাট বাজার সড়ক এবং মাচালং বাজার সড়ক ডুবে যাওয়ায় মঙ্গলবার দুপুরে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
ফলে এদিন সাজেক থেকে কোনো গাড়ি ছেড়ে আসেনি কিংবা বাঘাইহাট থেকেও সাজেকে কোনো গাড়ি প্রবেশ করতে পারেনি। তাই সেখানকার পর্যটকরা ফিরতে পারেননি।
সাজেক হিল ভিউ রিসোর্টের মালিক ইন্দ্রজিৎ চাকমা বলেন, “দীঘিনালা-বাঘাইহাট সড়ক বন্ধ থাকার কারণে সাজেকে বেড়াতে আসা পর্যটক যাদের আজ ফিরে যাওয়ার কথা ছিল তারা ফিরতে পারেননি। নতুন কোনো পর্যটকও আসেনি আজ।
“এই মুহূর্তে সাজেকে ১৫০ থেকে ২০০ পর্যটক অবস্থান করছেন এবং সবাই ভালোভাবেই আছেন।”
সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জন বলেন, “বাঘাইহাটে যাতায়াত বন্ধ থাকার কারণে সাজেকে পর্যটক যাতায়াত আজ বন্ধ ছিল। কর্তৃপক্ষ থেকে গাড়ি ছাড়তে নিষেধাজ্ঞা থাকায় কোনো গাড়ি আসা-যাওয়া করেনি। তাই নতুন কোনো পর্যটক আসেননি এবং অবস্থানরত পর্যটকদের সাজেকেই থাকতে হচ্ছে।”
সাজেকের সানচিটা রিসোর্টের স্বত্বাধিকারী বশির আহাম্মদ রাজু বলেন, টানা বর্ষণ শুরু হওয়ার পর থেকেই পর্যটক কমতে থাকে। তবে গত দুইদিন যাবত রিসোর্ট বুকিং সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।
“বন্যা পরিস্থিতি বুঝতে পেরে মঙ্গলবার সকালে অধিকাংশ পর্যটক সাজেক থেকে ফিরে গেছেন, এরপরও বিকালে ফেরার অপেক্ষায় থাকা দেড় শতাধিক পর্যটক সাজেকে আটকা পড়েন।”
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার বলেন, “আমি জেনেছি সাজেকে ২০টি মোটর সাইকেল, ২০টি চাঁদের গাড়ি (জিপ), চারটি মাহিন্দ্রা গাড়ি আটকে পড়েছে। দীঘিনালা, বাঘাইহাট ও মাচালং এলাকা প্লাবিত হওয়ায় তারা আটকা পড়ে।
“তাদেরকে কোনোভাবে পার করার সুযোগ নেই। পানি কমলে এবং সেতুটি সংস্কার হলে তারা পার হতে পারবেন।
ইউএনও আরও বলেন, “আমি খোঁজ-খবর রাখছি। রিসোর্ট মালিকদের বলে দেওয়া হয়েছে, আটকে পড়া পর্যটকদের সার্বিক সহযোগিতা করার জন্য। যাদের অগ্রিম বুকিং রয়েছে তা ফেরত দেওয়ার জন্য। পানি কমে গেলেই তারা ফিরতে পারবে।”
