পটুয়াখালীতে অগ্নিকাণ্ডে অর্ধশত দোকান ও বসতবাড়ি ভস্মীভূত
আগুনে প্রায় শত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
পটুয়াখালী সদরে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত অর্ধশত দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের পুরান বাজার এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানিয়েছেন সদর থানার ওসি মো. মনিরুজ্জামান।
আগুন নিয়ন্ত্রণের সময় ফায়ার সার্ভিসের এক কর্মী ও পুলিশের এক সদস্য আহত হয়েছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, ব্যবসায়ী হারুন মুন্সীর একটি তেলের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। মুহূর্তের মধ্যে আগুন আশাপাশের দোকান ও বাড়িঘরে ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে আগুন পুরান বাজার অগ্রণী ব্যাংকের সামনে থেকে পাশের আবদুল্লাহ ক্লিনিক পর্যন্ত ছড়ায়।
খবর পেয়ে পটুয়াখালীর দুটিসহ বরিশাল, বাকেরগঞ্জ, মির্জাগঞ্জ, বেতাগী, আমতলী ও কলাপাড়া ইউনিট প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম সরকার বলেন, পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে।
“ঘটনাস্থলের পাশেই মিঠাপুকুরের পানি ব্যবহারের এক পর্যায়ে তা শেষ হয়ে যায়। পরে লোহালিয়া নদী থেকে পানি আনা হয়েছে।”
আগুনে অর্ধশত দোকান ও বসতঘর পুড়ে প্রায় শত কোটি টাকার মতো ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।
তবে আগুনে কয়টি দোকান পুড়ে গেছে এবং কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে তাৎক্ষণিক কিছু বলতে পারেননি আমিরুল ইসলাম।
