অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় টাঙ্গাইলে ৪ রেস্তোরাঁকে জরিমানা
টাঙ্গাইলে দশ তলা কোনো ভবনে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
টাঙ্গাইলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় চার রেস্তোরাঁকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম হাসান বিন মুহাম্মদ আলী জানান।
অভিযানে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা এবং ফায়ার লাইসেন্স না থাকায় পুরাতন বাসস্ট্যান্ডের সুরুচি রেস্টুরেন্টকে এক লাখ টাকা, সুগন্ধা ও ঝাউবন রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা করে এবং সেফাত রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রাজধানীর বেইলি রোডে অগ্নিকাণ্ডে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় নড়েচড়ে বসেছে স্থানীয় প্রশাসন।
ইউএনও হাসান বিন মুহাম্মদ আলী বলেন, “রেস্টুরেন্ট ও বাণিজ্যিক ভবনে অগ্নিকাণ্ড প্রতিরোধ এবং নির্বাপণের যে ব্যবস্থা রয়েছে সেখানে ঘাটতি আছে কিনা কিংবা ফায়ার লাইসেন্স রয়েছে কিনা, সেই বিষয়ে মনিটর করা হচ্ছে। তাদের প্রাথমিকভাবে সতর্ক করার পাশাপাশি আমরা অর্থদণ্ড দিয়েছি।”
তিনি বলেন, “অনেক রেস্টুরেন্টে এলপিজি গ্যাসের পরিবর্তে অত্যন্ত ঝুঁকিপূর্ণ সিএনজি গ্যাস ব্যবহার করছে। চারটি রেস্টুরেন্টকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
এখানকার রেস্তোরাঁগুলোও অগ্নি নিরাপত্তার ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
টাঙ্গাইল টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের শিক্ষক মোজাম্মেল হক বলেন, বহুতল ভবন ও অভিজাত রেস্তোরাঁ করার আগে মানুষের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি গুরুত্ব দিতে হবে। শহরের অনেক বহুতল ভবন ও রেস্তোরাঁয় তেমন অগ্নিনির্বাপণ ব্যবস্থা নেই। তাই সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও প্রতিরোধকে গুরুত্ব দিতে হবে।
জেলা রেস্তোরাঁ ও মিষ্টান্ন ব্যবসায়ী মালিক সমিতির কোষাধ্যক্ষ মো. সামিম জানান, সমিতির আওতায় ১৬০টি রেস্তোরাঁ রয়েছে। এর বাইরেও জেলায় প্রায় চার শতাধিক রেস্তোরাঁ আছে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়ারহাউস পরিদর্শক মো. রবিউল আওয়াল বলেন, “আজ যে কয়টি রেস্তোরাঁ পরিদর্শন করেছি তার প্রত্যেকটি অগ্নিনির্বাপণের ক্ষেত্রে ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন ঝুঁকিতে রয়েছে। অনেক ভবনের ফায়ার সার্ভিসের অনুমোদন নেই। এ ছাড়া অনেক ভবনেই একটি করে সিঁড়ি রয়েছে।”
তিনি বলেন, ফায়ার সার্ভিসের অনুমোদন ছাড়া যেসব ভবন করা হচ্ছে তাদের সেফটি প্ল্যানের মাধ্যমে নির্মাণের জন্য প্রতিনিয়ত নোটিশ দেওয়া হয়। যারা এই আদেশ অমান্য করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
টাঙ্গাইলের দশ তলা কোনো ভবনে আগুন লাগলে তা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেই। এ বিষয়ে ঢাকায় চাহিদা দেওয়া হয়েছে বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
