১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

লক্ষ্মীপুরের পিঠা উৎসবে ইতিহাস-ঐহিত্যের মিশেল

জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার তিন দিনব্যাপী কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 12:26 AM

Updated : 26 Aug 2026, 11:35 AM

আবহমান বাংলার ঐতিহ্য ধরে রাখতে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। 

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এ উৎসবের উদ্বোধন করা হয়। এতে ২০টি স্টলে উদ্যোক্তরা নানান নকশার ঐতিহ্যবাহী পিঠার পসরা সাজিয়ে বসেছেন। 

প্রথম দিনেই বাঙালির ইতিহাস-ঐতিহ্য ফুটিয়ে তোলা মুখরোচক পিঠা উৎসবে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। 

বেলুন ও ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক (ডিসি) রাজীব কুমার সরকার। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাজিদুল হক রেজা, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আকতার হোসেন, সেনাবাহিনীর মেজর জিয়া উদ্দিন আহমেদ। পরে তারা স্টল পরিদর্শন করেন।

জেলা প্রশাসন জানায়, দেশব্যাপী তারুণ্যের উৎসব চলমান। ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে এবং আবহমান গ্রাম-বাঙলার ঐতিহ্যকে ধরে রাখতে পিঠা উৎসবের এ আয়োজন করা হয়েছে। 

স্টলে স্থান পাওয়া পিঠার মধ্যে রয়েছে- ভাপা, চিতই, দুধচিতই, ছিট, দুধপুলি, ক্ষীরপুলি, তিলপুলি, পাটিসাপটা, ফুলঝুড়ি, ধুপি নকশি, মালাই, মালপোয়া, পাকন ও ঝাল।

উদ্যোক্তারা জানান, বাঙালির ঐতিহ্যের নানা ধরনের পিঠাকে নতুন প্রজন্মের মাঝে পরিচয় করিয়ে দিতে মেলায় অংশ নিয়েছেন তারা। এ ছাড়া পিঠা তৈরির মাধ্যমে নারীদের কারুকার্য, নান্দনিকতা ও সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। 

পিঠা-প্রেমীরা বলছেন, চমৎকার এ আয়োজনে এসে বেশ আনন্দিত তারা। 

জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, তিন দিন পিঠা উৎসব চলবে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। এ উৎসবে বিভিন্ন সংস্থা পিঠার পসরা সাজিয়ে বসেছে। বাঙালির ইতিহাস-ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম দিক হচ্ছে চিরায়িত পিঠা উৎসব।